টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বাতিলের ঘোষণা দেওয়ায় ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলছেন সাবেক ক্রিকেটাররা। এই ইস্যু টেনে এবার বাংলাদেশকে কটাক্ষ করলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
আইসিসির বোর্ড সভাতে শুধুমাত্র পাকিস্তানের ভোট পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরও সমর্থন দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট না করলেও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে নিজেদের দলকে ভারত ম্যাচ না খেলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। হরভজনের মতে, বাংলাদেশের পাশে থাকার নামে নাটক করছে পাকিস্তান। সেই সঙ্গে বাংলাদেশ না এলে বিশ্বকাপ বন্ধ হয়ে যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘বাংলাদেশ কি অস্ট্রেলিয়া যে না এলে বিশ্বকাপ বন্ধ হয়ে যাবে। ভারত তো তাদের বলেনি যে তোমরা বিশ্বকাপ খেলতে এসো না। সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখানে পাকিস্তানের কাজ কী? মাঝখানে তারা কেন ঢুকে গেছে? বাংলাদেশ এবং পাকিস্তানকে আইসিসির বলা উচিত–তোমাদের খেলার দরকার নেই।’
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে হরভজন বলেন, ‘এই সিদ্ধান্ত থেকে কী লাভ হবে (পাকিস্তানের) ? এটা শুধু দম্ভ দেখানোর জন্য। যদি সত্যিই তারা মনে করে, এ রকম কিছু করতে পারবে, তাহলে অনড় থাকুক। দেখা যাক, সত্যিই তাদের সাহস আছে কিনা। এটা একটা সম্পূর্ণ নাটক যা মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে, এটা বোঝাতে যে তারা বাংলাদেশের সঙ্গে আছে। এতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের দেশের মানুষ যারা ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে চায়, তাদের সম্পর্কে কী ভেবে দেখেছে?’
হরভজন আরও বলেন, ‘এই ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা ছিল, আর তাদের সঙ্গে কোনো সমস্যা ছিল না। সম্প্রতি যখন যুদ্ধ হয়েছিল, তখনো তারা এশিয়া কাপে খেলেছিল। ট্রফি নিয়ে নাটকীয়তা ছিল, তবে ম্যাচগুলো হয়েছিল, কারণ তারা সেই রাজস্ব ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। তোমরা যদি এত দেশপ্রেমিক হও, তখন তোমাদের দেশপ্রেম কোথায় ছিল? তাহলে তো বলতে হয়, নিজ দেশের প্রতি তোমাদের কোনো অনুভূতি ছিল না, কিন্তু এখন অন্য কোনো দেশের পাশে দাঁড়াতে চাইছ।’