২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠার এখন কোনো সমীকরণ নেই। যেকোনোভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারানোই এখন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের লক্ষ্য। কিন্তু এখন যতটা নির্ভার ভারত থাকতে পারছে, আগে কি সেটা সম্ভব ছিল? মোটেই না। কারণ, অন্য এক ম্যাচের ফল এদিক-সেদিক হলেই ভারতকে পড়ে যেতে হতো সমীকরণের মারপ্যাঁচে।
ভারতের দুশ্চিন্তা ছিল গতকাল দিনের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে। কারণ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিকেলে এই ম্যাচ শুরুর আগে উইন্ডিজ ও প্রোটিয়াদের নেট রানরেট ছিল +৫.৩৫ ও +৩.৮। ক্যারিবীয়রা জিতলে নেট রানরেট আরও একটু বাড়ত। তবে উইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের বিশাল জয়ে ভারত যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাতে চেন্নাইয়ে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করে রাখল ভারত। তাতে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদায়ঘণ্টা বেজে গেল জিম্বাবুয়ের।
জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের জয়ে ঝোড়ো ফিফটিতে ম্যাচসেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া। চেন্নাইয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডার বলেন, ‘আমরা সবাই অন্য একটা ম্যাচের দিকে নজর রাখছিলাম। এখন আমরা আমাদের স্কিল ধরে রাখার চেষ্টা করছি। নিজেদের সেরাটা দিতে চাই। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষ হওয়ার পর আমরা জিম্বাবুয়ে ম্যাচে নজর রাখছিলাম।’
ভারতের বিপক্ষে ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিকান্দার রাজা। এ ম্যাচেও জিম্বাবুয়ের বোলিং-ফিল্ডিং আশানুরূপ হয়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত তাদের সর্বোচ্চ স্কোর করতে পেরেছে পান্ডিয়ার শেষের ঝড়ে। হাতে যখন ৪৩ বল বাকি, তখন ব্যাটিংয়ে নামেন তিনি। ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শেষ দুই বলে দুটি ছক্কা মেরেছেন ভারতের এই অলরাউন্ডার।
নিজের ইনিংস নিয়ে খুব খুশি পান্ডিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘২৩ বলে ফিফটি মনে হতে পারে। তবে আমার এটা পুনর্মূল্যায়ন করে দেখতে হবে। প্রথমে খুব জোরে আঘাতের চেষ্টা করছিলাম। পরে মাঝামাঝি পর্যায়ে এসে ব্যাপারটা উপলব্ধি করতে পারলাম। তারপর সময় নিয়ে বল মারতে পেরেছি। সেটাই করেছি আমি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৬০ রানের ইনিংসের রেকর্ড এখনো শ্রীলঙ্কার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে লঙ্কানরা পাহাড় সমান স্কোর করেছিল। গতকাল ভারত সেই রান টপকানোর কাছাকাছি গিয়েও ৫ রানের জন্য পারেনি। ২৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রানে আটকে যায় জিম্বাবুয়ে। পরশু সুপার এইটের গ্রুপ ওয়ানের অলিখিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে এই ম্যাচ।