হোম > খেলা > ক্রিকেট

ভারত+পাকিস্তান=আমেরিকান ক্রিকেট

ক্রীড়া ডেস্ক    

যুক্তরাষ্ট্রের বোলিং আক্রমণের অন্যতম দুই ভরসা সৌরভ নেত্রাভালকার (বাঁয়ে) ও আলী খান। ছবি: ক্রিকইনফো

পাঁচ সমস্যার এক সমাধান—বিখ্যাত এক শ্যাম্পু কোম্পানির বিজ্ঞাপনটা হয়তো অনেকের মনে আছে। অনেকের হয়তো মনে নেই। সে যা-ই হোক, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দলটা যেন সেই বিজ্ঞাপনের মতোই। ৫ দেশের ১৫ ক্রিকেটার এবার বিশ্বকাপে আমেরিকান ক্রিকেটে।

যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। একই সঙ্গে তিনি দলটির উইকেটরক্ষক ব্যাটারও। তিনিসহ পাঁচ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে। যা জন্মসূত্রে ক্রিকেটারের সংখ্যায় সর্বোচ্চ। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন তিন জন। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা ক্রিকেটার এখানে দুই জন। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বংশোদ্ভূত দুই জন ও একজন ক্রিকেটার আছেন মার্কিনদের বিশ্বকাপ দলে।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে উপমহাদেশের ক্রিকেটারদের দাপট কতটা, তা বোঝাতে বিশ্বকাপ দলের তালিকাটা দেখলেই স্পষ্ট। বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারের মধ্যে ভারত-পাকিস্তান মিলিয়ে আট ক্রিকেটার আছেন। শুধু সংখ্যার দিক থেকেই নয়, মাঠের পারফরম্যান্সেও এগিয়ে উপমহাদেশের ক্রিকেটাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ৯২০ রান করেছেন মোনাঙ্ক প্যাটেল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ উইকেটশিকারীও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। যুক্তরাষ্ট্রের জার্সিতে টি-টোয়েন্টিতে ৪০ উইকেট নিয়েছেন সৌরভ নেত্রাভালকার। ২০২৪ সালে প্রথমবার কোনো আইসিসি ইভেন্ট খেলতে এসে যুক্তরাষ্ট্র যে সুপার এইটে চমকে দিয়েছিল, তাঁর অন্যতম কারিগর নেত্রাভালকার। সে বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৬.৬৩ ইকোনমিতে নিয়েছিলেন ৬ উইকেট। যার মধ্যে রয়েছে ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট। পাকিস্তানি বংশোদ্ভূত পেসার আলী খানের অবদানও যুক্তরাষ্ট্রের ক্রিকেটে কোনো অংশে কম নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ৮.৪৪ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট।

মোনাঙ্ক প্যাটেল, সৌরভ নেত্রাভালকার ছাড়া ভারতীয় বংশোদ্ভূত অপর তিন ক্রিকেটার হলেন শুভম রানজানে, হারমিত সিং ও মিলিন্দ কুমার। যাঁর মধ্যে রানজানে গত বছর বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন। আর আলী খানের পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত অপর দুই ক্রিকেটার হলেন শায়ান জাহাঙ্গীর ও মোহাম্মদ মহসিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সেরা ছয়ে আছেন জাহাঙ্গীর।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত দুই ক্রিকেটার হচ্ছেন আন্দ্রিয়েস গাউস ও শ্যাডলি ফন শালকিক। গাউস বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। শ্রীলঙ্কান বংশোদ্ভূত একমাত্র ক্রিকেটার শেহান জয়াসুরিয়ার অবশ্য এখনো যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয়নি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে তিনি ২ ম্যাচ খেলেছিলেন।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরুর প্রথম দিনই মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ১০ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্র খেলবে পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ যুক্তরাষ্ট্র খেলবে চেন্নাইয়ে। ১৩ ও ১৫ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও নামিবিয়ার মুখোমুখি হবে মার্কিনরা।

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটার কে কোন দেশের

ভারত ৫

মোনাঙ্ক প্যাটেল, মিলিন্দ কুমার, হারমিত সিং, সৌরভ নেত্রাভালকার, শুভম রানজানে

যুক্তরাষ্ট্র ৪

সঞ্জয় কৃষ্ণমূর্তি, সাইতেজা মুক্কামালা, জাসসি সিং, নশথুস কেনজিগে

পাকিস্তান ৩

আলী খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন

দক্ষিণ আফ্রিকা ২

আন্দ্রিয়েস গাউস, শ্যাডলি ফন শালকিক

শ্রীলঙ্কা ১

শেহান জয়াসুরিয়া

জাহানারার সঙ্গে মঞ্জুর অশোভন আচরণের প্রমাণ পেয়েছে বিসিবি

যা হওয়ার তা হয়ে গেছে, মোস্তাফিজ ইস্যুতে সালাহ উদ্দীন

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

বাংলাদেশ বিশ্বকাপ মিস করায় হাহুতাশ করে মরে যাওয়ার মতো মানুষ আমি না

আইসিসিকে ভারত কী ‘চিঠি’ দিয়েছে, দেখতে চাইছেন পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের প্রশ্নে ভারতের কোচের মুখে তালা

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালকের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ উদ্বিগ্ন কোয়াব

দেশের ক্রিকেটের পাইপলাইন ঢেলে সাজানোর পরিকল্পনা বিসিবির

‘বাংলাদেশ ইস্যুতে অস্থির অবস্থায় দিন কাটছিল স্কটল্যান্ডের’

পাকিস্তানের ৪২৬ কোটি টাকা কেড়ে নেওয়ার ‘হুমকি’ আইসিসির