হোম > খেলা > ক্রিকেট

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ‍ ক্যাটাগরিতে তাসকিন আহমেদ-লিটন দাসসহ চার ক্রিকেটার। অবনতি হয়েছে তাসকিনের। ছবি: এএফপি

২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কাঠামো অনুযায়ী বেতন কমেছে তাসকিন আহমেদের। আর বেতন বেড়েছে রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ ছয় ক্রিকেটারের।

২৮ ক্রিকেটার নিয়ে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি করা হয়েছে। এই চুক্তিতে এ‍+ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখেনি। আগের কেন্দ্রীয় চুক্তিতে এ‍+ ক্যাটাগরিতে মাসে ১০ লাখ টাকা পেলেও এবার তাসকিনকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন-এই চার ক্রিকেটার এবার ‘এ’ ক্যাটেগরিতে। যাঁদের মধ্যে শান্ত টেস্টের অধিনায়ক। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ও লিটন দাস টি-টোয়েন্টির অধিনায়ক। ‘এ’ ক্যাটাগরিতে থাকা প্রত্যেক ক্রিকেটার পাচ্ছেন ৮ লাখ টাকা করে।

রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ—এই ছয় ক্রিকেটারের উন্নতি হয়েছে। ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম ও শেখ মেহেদী হাসান। গত বছর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়েও দেখিয়েছেন তাঁর লেগস্পিন ভেলকি। আর তানজিদ তামিম গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৭৭৫ রান করেছেন। এক বছরে সর্বোচ্চ ৭৭ ছক্কার রেকর্ডও তিনি করেছেন। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে ৬ লাখ টাকা করে পাবেন। এই ক্যাটাগরিতে আছেন ১১ ক্রিকেটার।

নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ ‘ডি’ ক্যাটাগরি থেকে ‘সি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে ৪ লাখ টাকা করে পাচ্ছেন। নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব—এই ছয় ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান, তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমন। নুরুল হাসান সোহান ও তানভীর ইসলাম ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে। এই সাত ক্রিকেটারকে রাখা হয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে। তাঁরা প্রত্যেকে পাবেন ২ লাখ টাকা করে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

বিসিবির ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা

ক্যাটাগরি ‘এ‍+’ (মাসে বেতন ১০ লাখ টাকা)

নেই

ক্যাটাগরি ‘এ’ (মাসে বেতন ৮ লাখ টাকা)

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ

ক্যাটাগরি ‘বি’ (মাসে বেতন ৬ লাখ টাকা)

মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা

ক্যাটাগরি ‘সি’ (মাসে বেতন ৪ লাখ টাকা)

সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, সৈয়দ খালেদ আহমেদ

ক্যাটাগরি ‘ডি’ (মাসে বেতন ২ লাখ টাকা)

সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’