হোম > খেলা > ক্রিকেট

‘ভারতের বিপক্ষে বাংলাদেশ-পাকিস্তানের এখন একজোট হওয়ার সময়’

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর তাদের সমর্থনে পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে এখন নিয়মিতই আলোচনা চলছে। বাংলাদেশের নাম আগে থেকেই বিশ্বকাপ থেকে কাটা পড়েছে। পাকিস্তান নাম প্রত্যাহার না করলেও দেশটির সরকার বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির মতে, ক্রিকেটে ভারতের ছড়ি ঘোরানো বন্ধ করতে বাংলাদেশ-পাকিস্তানকে একজোট হতে হবে।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে দুই দলের ভক্ত-সমর্থকেরা এই ম্যাচ দেখার সুযোগ পান। তাতেও ঝামেলার অন্ত থাকে না। পাকিস্তান কোনো মেজর টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কারণে ‘হাইব্রিড মডেলে’ করতে হয় সেই টুর্নামেন্ট। এবার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আইসিসি বাদ দেওয়ার পর পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে ১ ফেব্রুয়ারি ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনেই ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিপক্ষে রাগ-ক্ষোভ উগড়ে দিয়েছেন নাজাম শেঠি। বাংলাদেশের প্রসঙ্গ টেনে সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, ‘তারা (ভারত) আমাদের সঙ্গে বাজে আচরণ করছে। বাংলাদেশকে একটা দিক থেকে বাদ করে দেওয়া হয়েছে। আমরা ৪০ কোটি লোক একসঙ্গে আছি। আমরা একযোগে দাঁড়াতে পারি। বাংলাদেশ-পাকিস্তানের এখনই একজোট হওয়ার সময়।’

মোস্তাফিজুর রহমানকে গত ৩ জানুয়ারি আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরের দিনই (৪ জানুয়ারি) ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। টানা ২১ দিন নানা আলাপ-আলোচনার পর বিসিবি-আইসিসি যার যার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরের যে দাবি বিসিবি করেছিল, সেটা আইসিসি মেনে নেয়নি।

বিশ্ব ক্রিকেটে বছরের পর বছর ছড়ি ঘোরানো বৈশ্বিক ইভেন্টে পছন্দমতো ভেন্যু তো ভারতকে দেওয়া হয়ই। এমনকি আইসিসির কাছ থেকে অনেক রকম সুবিধাও পেয়ে থাকে ভারত। এর পেছনে আইসিসির ওপর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রভাবই মূল কারণ বলে মনে করেন প্রখ্যাত ভারতীয় সাংবাদিক শারদা উগরা। কদিন আগে তিনি আইসিসিকে বিসিসিআইয়ের দুবাই শাখা বলে মন্তব্য করেছিলেন। নাজাম শেঠি গতকাল যেন সেটাই মনে করিয়ে দিলেন আবার। সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আইসিসি পরিচালনা করছে বিসিসিআই। যার ফলে আইসিসিতে অসামঞ্জস্যপূর্ণ অবস্থা বিরাজ করছে। সে ক্ষেত্রে হয়তো সাময়িক ক্ষতি হতে পারে। কিন্তু দিন শেষে আমরা একটি পরিমার্জিত আইসিসি পাব।’

আইসিসিকে যে অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ডাকেন, জয় শাহ ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যান হওয়ার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অমিত শাহর ছেলে। ক্রিকেটের মধ্যে যে রাজনীতি ঢুকে গেছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যেন সেটাই বোঝাতে চাইলেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে কদিন আগে আসিফ লিখেছিলেন, ‘ক্রিকেটের নতুন একটা আন্তর্জাতিক সংস্থা দরকার। তাতে করে ভদ্র লোকের খেলা নামে পরিচিত এই খেলার স্পিরিট বজায় থাকবে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে আইসিসি জিম্মি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড এখন ১৪ নম্বরে অবস্থান করছে। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

‘তোমাকে ভালোবাসি মোস্তাফিজ’, লাহোর কালান্দার্স মালিকের বার্তা

বাংলাদেশি ভাইদের জন্য মন পুড়ছে পাকিস্তান অধিনায়কের

ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসিকে ‘বিশেষ ব্যবস্থা’ নিতে বলছেন গাভাস্কার

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদে নিউজিল্যান্ড

সাড়ে ৬ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

একসময়ের সহকর্মী আর্তেতা আট বছর পর গার্দিওলার ‘শত্রু’

শান্ত-মিরাজদের সান্ত্বনার মোড়কে সিরিয়াস ক্রিকেট দেখবেন কোথায়

বিসিবির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে মোস্তাফিজরা পাবেন ৭ লাখ করে

ডেকে নিয়ে ‘অপমান’ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, দাবি সাবেক পিসিবি চেয়ারম্যানের

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি