অস্ট্রেলিয়ায় জরুরি কাজে পরিবারের কাছে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি আজ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। যাওয়ার আগে বিসিবি পরিচালকদের জানিয়ে গেছেন বিসিবি সভাপতি।
মেলবোর্নে থাকে বিসিবি সভাপতির পরিবার। তাঁর অস্ট্রেলিয়ায় যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন এক বিসিবি পরিচালক। তিনি বলেছেন, ‘বিসিবি সভাপতি বুলবুল ভাই আমাদের বার্তা দিয়েছেন তাঁর জরুরি কাজে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যেতে হচ্ছে। শিগগিরই তিনি দেশে ফিরবেন।’
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া করেছেন বুলবুল। তবে এবার তিনি একটু দেরিতেই যাচ্ছেন। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর টানা দুই মাস কাজ করেছেন তিনি। এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপ—অল্প সময়ে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছেন তিনি।
তবে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাতে হয়েছে জাতীয় দল নিয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা, না খেলা নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে একাধিক সভা করতে হয়েছে।