২০২৪ সালের ৫ আগস্ট-সংক্রান্ত রাষ্ট্রপতির বক্তব্যে অসংগতির অভিযোগ তুলে জামায়াতের আমির বলেছেন, ‘কোটি-কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন, আর এখন যা বলছেন, তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’
আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট করেন তিনি।
পোস্টে বলা হয়, ‘৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তাঁর বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।’
জামায়াত আমির বলেন, ‘কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’
জামায়াত আমির আরও বলেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’
উল্লেখ্য, একটি গণমাধ্যমে রাষ্ট্রপতির সাক্ষাৎকার দুই পর্বে প্রকাশিত হয়েছে। ওই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন রাষ্ট্রপতি। সেখানে তিনি ক্ষোভও প্রকাশ করেন। সাক্ষাৎকারে রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন, তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগসহ বিভিন্ন বিষয় উঠে আসে।