হোম > রাজনীতি

লঙ্কায় গেলেই হবে হনুমান, ক্ষমতায় গেলেই হবে হাসিনা: মামুনুল হক

নওগাঁ প্রতিনিধি

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে মামুনুল হক। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যিনিই ক্ষমতায় যাবেন, ৫-১০ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন।’

আজ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

শাসনব্যবস্থার পরিবর্তন ও ক্ষমতার ভারসাম্য রক্ষার জোর দাবি জানিয়ে মামুনুল হক বলেন, ‘বর্তমান ৭২-এর সংবিধান সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত করে দিয়েছে। এ ব্যবস্থার বদল না হলে ক্ষমতার অপব্যবহার ঠেকানো সম্ভব নয়।’

ভারসাম্যমূলক রাজনৈতিক কাঠামো তৈরিতে জুলাই সনদের প্রস্তাবনা তুলে ধরে মামুনুল হক বলেন, ‘বর্তমানে রাষ্ট্রপতি পদটি কেবল আলংকারিক বা “ঠুঁটো জগন্নাথ” হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে, যাতে কোনো দলীয় বিচারপতি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’

খেলাফত মজলিসের এই আমির বলেন, বিগত সরকারের আমলে পুলিশ ‘দলীয় ক্যাডারে’ পরিণত হয়েছিল। নতুন বাংলাদেশে ‘জাতীয়তাবাদী পুলিশ দল’ জাতীয় কোনো দলীয়করণ দেখতে চায় না সাধারণ মানুষ। পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে মেধার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ সুনিশ্চিত করার দাবি জানান তিনি।

মামুনুল হক আরও বলেন, ‘নতুন সরকারকেও আগের স্বৈরাচারী কাঠামোর পুনরাবৃত্তি থেকে দূরে থাকতে হবে, তা না হলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি ইসরাফিল আলমের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী ও রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা জোবায়ের হোসাইনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী

আমরা ঐক্যবদ্ধ আছি, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না: মামুনুল হক

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী

আইজিপিকে অপসারণের দাবি এনসিপির

জানাজা-লাশ দাফন মানুষের মৌলিক অধিকার, শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে: নাহিদ ইসলাম

সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে কৃষকদের সংকট বাড়ছে: আখতার হোসেন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন

পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা জনগণ মেনে নেবে না: রিজভী

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান