হোম > রাজনীতি

রাজধানীতে জামায়াত জোটের প্রতিবাদ মিছিল কাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী বিভিন্ন অনিয়মের অভিযোগে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের নেতারা বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বেলা সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আযাদ বলেন, ‘১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—সহিংসতা বন্ধ না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। দেশ ও জাতির স্বার্থে কথা বলব। দেশকে সামনে এগিয়ে নিতে চাই। প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হব। ১৬ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। বিকেল সাড়ে ৩টায় কর্মসূচি হবে।’

জামায়াতের এ নেতা বলেন, ‘নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনাও উদ্বেগজনক। কিন্তু তা তো হওয়ার কথা ছিল না। কারণ, পুরোনো সংস্কৃতি হতে বের হওয়ার জন্যই তো জুলাই গণ-অভ্যুত্থানে রক্তদান। তাহলে কি এটাই হচ্ছে? বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের স্বৈরতন্ত্র উত্থান হতে যাচ্ছে।’

নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াত নেতা বলেন, ‘আমাদের বোনেরা নিরাপদ নন। হাতিয়ার ঘটনার মতো উদাহরণ সামনে এসেছে, ২০১৮ সালের সুবর্ণচরের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, সেদিন ভোট দেওয়ার কারণে চার সন্তানের মা গণধর্ষণের শিকার হয়েছিলেন, কিন্তু প্রশাসন অস্বীকার করেছিল, হাতিয়ার ঘটনায়ও একই সুর বাজতেছে...আমার নিজের আসনেও তিনজন নারী আহত হয়েছেন। ৫৪টি জেলার রিপোর্ট আমরা জমা দিয়েছি।’

ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে জোটের এজেন্টদের বের করে দেওয়া, গণনাপ্রক্রিয়া ব্যাহত করা এবং ফলাফল শিটে ঘষামাজা ও পুনর্লিখনের অভিযোগ করেন তিনি। কোথাও কোথাও প্রার্থীর মূল এজেন্টের স্বাক্ষর না নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। ঢাকা-৬ আসনের একটি কেন্দ্রে পেনসিলে ফল লেখা এবং এজেন্টের নাম পরিবর্তনের অভিযোগ তুলে তিনি ফলাফল শিটের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।

আওয়ামী লীগ ও জামায়াত দুই দলই পাকিস্তানের পক্ষে ছিল: ডিএসসিসি প্রশাসক

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে প্রশ্ন তুললেন তাসনিম জারা

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মেলায় নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানকে অন্য গণ-আন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয়: মাহফুজ আলম

মির্জা ফখরুল গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: জামায়াত

শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল

সংসদ অধিবেশন: আন্দোলনের হুমকি বিরোধীদের