ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন জামায়াতের সংসদ সদস্য মো. নুরুল আমীন ও মো. কেরামত আলী এবং ঢাকা-১৭ আসনে জামায়াত থেকে নির্বাচনে অংশ নেওয়া এস এম খালিদুজ্জামান। আগামী শুক্রবার ঢাকা ত্যাগ করবে জামায়াতের প্রতিনিধিদলটি। আগামী ৯ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা সেখানে থাকবে।
জামায়াত আরও জানায়, ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।