হোম > রাজনীতি

প্রিসাইডিং কর্মকর্তার কাছে মুখমণ্ডল দেখিয়ে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে: মাহদী আমিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মাহদী আমিন। ফাইল ছবি

বোরকা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, হজ বা পাসপোর্টের ছবির মতো মুখমণ্ডল দেখিয়ে প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।

মাহদী আমিন আরও বলেন, ‘ইসলামি মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সব সময় বিশ্বাস করে, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের কাছে বোরকা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল, কিন্তু ইসলামি সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তাহলে সেটি দুঃখজনক। সন্দেহভাজন ভোটারের পরিচয় নিশ্চিত করতে, এনআইডি কার্ড, হজ, ওমরাহ, পাসপোর্ট বা ভিসার ছবি তোলার মতো করেই, মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তুলতে হয়, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে।’

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত ২৬ জানুয়ারি নির্বাচন কমিশন মোট ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন স্থানীয় পর্যবেক্ষক অনুমোদনের কথা জানায়। তাঁদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত এবং পর্যবেক্ষণকাজে অভিজ্ঞতাহীন ১৬টি সংস্থা থেকে ৩১ হাজার ৮০১ জন পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়, যা মোট পর্যবেক্ষকের ৬৮.৮৯%। তাঁদের মধ্যে বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার খবর সংবাদমাধ্যমে এসেছে। সংস্থাগুলো হচ্ছে রিসডা বাংলাদেশের ১ হাজার ৬৪৫ জন, বাকেরগঞ্জ ফোরামের ১ হাজার ৫০ জন, অ্যাসোসিয়েশন অব মুসলিম ওয়েলফেয়ার এজেন্সিজ ইন বাংলাদেশের ৬৪৩ জন, অ্যাকটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ১ হাজার ৩৫ জন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ১ হাজার ৫৩৫ জন, দীপ্ত মহিলা উন্নয়নের ৩৯৮ জন ও কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্টের ৩ হাজার ৮৬১ জন। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়েছে।’

ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার না করার প্রজ্ঞাপনে উদ্বেগ জানিয়ে মাহদী আমিন বলেন, ‘আরও একটি বিষয় আমাদের নজরে এসেছে, ভোটকেন্দ্রের আশপাশে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা এই বিষয়ে উদ্বিগ্ন। আমরা মনে করি, উৎসবমুখর নির্বাচনী পরিবেশে এটি বিরূপ প্রভাব ফেলবে, অনেককে ভোট প্রদানে নিরুৎসাহিত করবে, উৎসবের আমেজকে ম্লান করবে। আমরা এই সিদ্ধান্ত থেকে অতি দ্রুত সরে আসার জন্য নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানাচ্ছি।’

ধানের শীষের নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন জানিয়ে মাহদী আমিন বলেন, দেশি-বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন, বিভিন্ন গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের পর্যালোচনা বা জরিপ, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ এবং মাঠের বাস্তবতার নিরিখে বিএনপি জনপ্রিয়তার দিক দিয়ে সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে। সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত।

মাহদী আমিন আরও বলেন, ‘আজকের বাংলাদেশে যদি জিজ্ঞেস করা হয়, সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতা যদি একজন থাকেন, তাহলে তিনি কে? সবাই একটি উত্তরই বলবেন—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর কোনো রাজনৈতিক দলে এমন কোনো নেতৃত্ব নেই, যাঁকে দল-মত, শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সর্বজনীনভাবে দেশের সত্যিকার নেতা হিসেবে মানুষ মনে করা হয়। এই প্রমাণ আমরা দেখেছি তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে। যে দিনটি হয়তো ছিল বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় দেশে ফেরার জমায়েত। আমরা দেখেছি, তিনি দেশজুড়ে প্রতিটি সভায় যখন ছুটে গেছেন, তখন কীভাবে জনগণের জোয়ার নেমে এসেছে। কীভাবে জনতা তাঁকে দেখতে রাস্তায় নেমে এসেছেন, তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে এসেছেন অসংখ্য মানুষ। নেতৃত্বের প্রতি এই ভালোবাসা, এই আস্থা আর কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি নেই।’

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারের ইতি টানলেন তারেক রহমান

দুর্নীতি রোধে সর্বোচ্চ কঠোরতা, তারেকের অঙ্গীকার

বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে একটি দল অপপ্রচার করছে: মাহদী আমিন

‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনপিএ, তবে এই সংসদে উচ্চকক্ষ গঠন চায় না

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে লাঠি হাতে প্রতিহত করতে হবে: নাহিদ ইসলাম

সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির

অতীতের ভুলত্রুটির জন্য তারেক রহমানের দুঃখপ্রকাশ

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

ইসি যেন এমন সার্কুলার জারি না করে, যাতে উদ্বেগ সৃষ্টি হয়: জামায়াত

মা-বোনেরা সকালে চুলা না জ্বেলে আগে ভোটকেন্দ্রে যাবেন: মঈন খান