হোম > রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও গ্যাস-সংকট নিরসন না করলে ক্ষমতায় থাকতে পারবেন না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ফেনী থেকে

ফেনীর মহিপালে ১১ দল আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও গ্যাস-সংকট নিরসন না করলে ক্ষমতায় থাকতে পারবেন না—সরকারের উদ্দেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দল আয়োজিত এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায় মেনে নিতে হবে, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, নইলে ক্ষমতায় থাকতে পারবেন না।’

নাহিদ আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একটাও প্রতিশ্রুতি রক্ষা করেনি বরং তারা উলটা পথে যাত্রা শুরু করেছে।

সরকারের উদ্দেশে নািহদ আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা সংসদে একটা সৈরতন্ত্র কায়েম করছেন। র‍্যাব বিলুপ্ত করার কথা বলেছেন, কিন্তু ক্ষমতায় এসে তা করছেন না।

সরকারের বিরুদ্ধে ১১ দলের নেতা-কর্মীদের নির্যাতন করার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, ১১ দলের নেতা-কর্মীদের নির্যাতন করলে চুপ করে বসে থাকবে না। আমরা ছয় মাস সময় দিয়েছি, আর একটা নেতা-কর্মীকেও নির্যাতন করা হলে তা প্রতিহত করা হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা সরকারকে সময় দিচ্ছি, যদি বিরোধী দলের সহযোগিতা চান, আমাদের লংমার্চের ছয় দফা দাবি মেনে নিন। আমরা ছয় দফা কড়ায় গন্ডায় আদায় করে নেব। একটা দাবিও ছাড়ব না।’