বিএনপির এক দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ দেন নূরউদ্দীন আহমেদ নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০১৭-১৮ সেশনের এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৬ ডিসেম্বর রাত ১২টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৩৯নং রুমে বসে একটি লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলালের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও দেখতে পান। এটি সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর এবং হেয়প্রতিপন্ন করা হয়েছে। এই ঘটনার বিষয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী নূরউদ্দিন বলেন, ‘দেশের একজন প্রধানমন্ত্রী, উনি একজন সম্মানিত ব্যক্তি। আমি যখন রুমে বসে বিএনপি নেতার এ বক্তব্য শুনি তখন আমার খুব খারাপ লাগে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী হিসেবে শাহবাগ থানায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছি।’
শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘অভিযোগটি আমরা জিডি হিসেবে গ্রহণ করেছি। এখন এটি আমরা সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।’