হোম > রাজনীতি

এমন কোনো প্রতিশ্রুতি দিইনি, যা সম্ভব নয়: তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে গতকাল নির্বাচনী পথসভায় তারেক রহমান। সভায় স্মৃতিচারণা করে তাঁকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। ছবি: আজকের পত্রিকা

দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে জনসভার পর শেষ মুহূর্তে রাজধানীতে ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার নিজের আসন ঢাকা-১৭ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন তিনি।

ভোট চাওয়ার পাশাপাশি দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ভোটারদের সামনে নানা প্রতিশ্রুতিও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। আর প্রতিশ্রুতির বিষয়ে বলেছেন, ‘আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বা মানুষের ক্ষমতার বাইরে। এমন কোনো প্রতিশ্রুতি দিইনি, যা ইহজগতে সম্ভব নয়।’

রাজধানীর সেনপাড়ার আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিকেলে ঢাকা-১৫ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

দলের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরে সভায় তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতি দিয়েছি, পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করব।’

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ইসিবি চত্বরে দিনের প্রথম নির্বাচনী সভায় বক্তৃতা করেন তারেক রহমান। জনভোগান্তি এড়াতে মাত্র সাড়ে চার মিনিটে বক্তৃতা শেষ করেন তিনি। বক্তৃতায় নিজেকে ওই এলাকার সন্তান দাবি করে তাঁকে জয়ী করতে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘আমি ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে এই এলাকাতেই বড় হয়েছি। এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার মুরব্বি, এলাকার মায়েদের কাছে, এই এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি।’

১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে ঢাকায় ৪০টি খেলার মাঠ ও ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রস্তুত করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, ‘নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তর করতে চাই। যেই শহরে মা-বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যেকোনো সময়ে হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য, চাকরিবাকরি করতে পারবেন। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। যেই শহরে শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবেন।’

ইসিবি চত্বরে সভা করার পর একে একে ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠ, ঢাকা-১৫ আসনের সেনপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ, ঢাকা-১৪ আসনের মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠ, ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠের জনসভায় বক্তৃতা দেন তারেক রহমান।

পল্লবীর লালমাঠে ঢাকা-১৬ আসনে নির্বাচনী সভায় দলের প্রার্থী আমিনুল হকের জন্য এলাকাবাসীর কাছে ভোট চান তারেক রহমান। এই এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশা আল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব।’

‘সবার আগে দেশ’—এই নীতিতে অটল থেকে যেকোনো মূল্যে দেশকে গড়ে তোলার কথা জানান বিএনপির চেয়ারম্যান। এ ক্ষেত্রে দুর্নীতি দমন ও জননিরাপত্তায় সর্বাধিক গুরুত্বারোপ করেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি।

ঢাকায় নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে আজ সোমবার তারেক রহমান মোট ৮টি নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন। এগুলো হলো—ঢাকা-১৭ আসনে তাঁর নিজের নির্বাচনী এলাকার বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, ঢাকা-৮ আসনে পীর জঙ্গি মাজার রোড, ঢাকা-৯ আসনে বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠ ও ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠ।

চ্যালেঞ্জের মুখে বড় নেতারাও

৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ভোটের দিন: শফিকুর

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

১৯৯১ সাল থেকে প্রকাশিত বিভিন্ন দলের নির্বাচনী ইশতেহার নিয়ে ওয়েবসাইট

প্রশাসন একদিকে হেলে পড়েছে: জামায়াত

বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে: নাহিদ ইসলাম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

একনজরে বাংলাদেশের যত জাতীয় নির্বাচন ও ফলাফল

ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসিবি চত্বর থেকে ঢাকার পথসভা শুরু করছেন তারেক রহমান