জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মনোনীত হয়েছেন। একই সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চিফ হুইপ মনোনীত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াত থেকে নির্বাচিত প্রার্থীরা।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, শপথের পর জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা একটি সভায় অংশ নেন। ওই সভা থেকেই বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ মনোনীত করা হয়।