সস্তা বাহবা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারের ভাবমূর্তিতে আঘাত হানবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী এ মন্তব্য করেন।
আইজিপির সাম্প্রতিক ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, একটি পুলিশ বাহিনীর প্রধান সরকারের একটি অংশ। তিনি আবার ক্রসফায়ারের কথা বলেন কীভাবে? যদি স্লিপ অব টাং (মুখ ফসকে) বলে থাকেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এ ধরনের বক্তব্য সরকারকে বিব্রত করার মতো অবস্থা। তিনি বলেন, ‘তাঁর মুখ থেকে এ ধরনের কথা আসা সত্যিই আমাদের ভাবিয়ে তুলছে, সরকারকেও ভাবিয়ে তুলছে।’
রিজভী আরও বলেন, সস্তা ক্রেডিট নেওয়ার জন্য দায়িত্বশীল অবস্থান থেকে এ ধরনের কথা বলা হলে তা দেশের ক্ষতি করবে এবং সরকারের ভাবমূর্তিতে আঘাত হানবে।
পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে তিনি তাঁদের কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর মতে, নিরপেক্ষভাবে ও স্বাধীনভাবে আইন প্রয়োগ করা হলে সমাজে কোনো অপরাধ থাকবে না।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে রিজভী বলেন, তরুণদের স্বাধীনভাবে দক্ষ করে তুলে দেশের উৎপাদন ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করাই বিএনপির মূল লক্ষ্য। জাতির পুনর্গঠনে তরুণ সমাজকে বিশৃঙ্খল নয়, মূল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।
তারেক রহমানের ‘মানবিক বাংলাদেশ’ রূপকল্পের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ অনাহারে বা নিরন্ন না থাকে। অর্থনীতিবিদদের গবেষণাতেও এসেছে যে, এসব কার্যক্রম বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্যের হার দ্রুত কমে আসবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কোটি কোটি গাছ ও তালগাছ লাগানোর মতো দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, ফেরদৌস মুন্না, এজমাল হোসেন পাইলট, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ।
এর আগে সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় তিনি যুবদলের ভূমিকার প্রশংসা করে বলেন, জাতীয়তাবাদী যুবদল বহু সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে একটি ইস্পাতকঠিন বিএনপির অগ্রবাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছেন। তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এ সময় ইইউ রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং বৈঠকে রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং চলমান উন্নয়ন কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। এ ছাড়া এ বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্থানীয় নির্বাচন এবং এলডিসি গ্র্যাজুয়েশন নিয়েও আলোচনা হয়।