জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) শাহবাগ এলাকার ভোটার হয়েছেন। অন্য দিকে আসিফ মাহমুদ দক্ষিণ সিটির ভোটার থেকে উত্তর সিটির আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
আজ সোমবার এনসিপির গণমাধ্যমবিষয়ক উপকমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী এখন ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের ভোটার। এর আগে তিনি ডিএনসিসির উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। একইভাবে আসিফ মাহমুদেরও এলাকা পরিবর্তন হয়েছে।
এনসিপি জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদের ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তাঁদের আবেদন অনুমোদন করেছে।