বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না। আমরা ঘরে বসে আঙুল চুষব, আর ঘাস খাব? শিগগিরই দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করে আমরা তাঁর সুচিকিৎসা নিশ্চিত করব।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জাসাসের সাধারণ সম্পাদক অভিনেতা হেলাল খানের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী উপস্তিত ছিলেন।
বিএনপি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার আর রাষ্ট্রের বিরোধিতা করা এক নয় উল্লেখ করে রিজভী বলেন, একটা সরকারের যেকোনো কাজের বিরোধিতা করা জনগণের গণতান্ত্রিক অধিকার। সরকার বিরোধিতার সঙ্গে রাষ্ট্র বিরোধিতার কোনো সম্পর্ক নেই।