হোম > রাজনীতি

চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে যা বললেন কেন্দ্রীয় সভাপতি

ঢাবি প্রতিনিধি

ইতিবাচক ছাত্ররাজনীতির ব্যত্যয় হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির ঘোষণার পর আজকের পত্রিকাকে এমনটি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 

আজ রোববার বিকেলে চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই ঘোষণার পর আজকের পত্রিকার সঙ্গে কথা হয় সাদ্দাম হোসেনের। 

সাদ্দাম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ অক্ষুণ্ন রাখা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ইতিবাচক ছাত্ররাজনীতির দায়িত্ব। সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এবং আমাদের দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। ইতিবাচক ছাত্ররাজনীতি আমাদের প্রত্যাশা। সেটির ব্যত্যয় হওয়ায় আমরা এই ব্যবস্থা নিয়েছি।’

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার আড়াই বছর পর আজ বিলুপ্ত করা হলো। 

ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, হল-অনুষদ কমিটি গঠন করতে না পারা, সাড়ে তিন বছরে একটি বর্ধিত সভাও না করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো বিলুপ্ত এই কমিটি পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 

কমিটি গঠনের পর দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন, বগি রাজনীতির সংস্কৃতি বন্ধ করে হলভিত্তিক রাজনীতি চালু করা, অনুষদ কমিটি গঠনসহ নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিলুপ্ত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। তবে এসব প্রতিশ্রুতি পূরণ করতে না পারলেও বিতর্কিত কর্মকাণ্ডে পত্রিকার শিরোনাম হয়েছে বছরজুড়ে। এই কমিটির নেতা-কর্মীরা গত সাড়ে তিন বছরে সংঘর্ষে জড়িয়েছে অন্তত ১৭০ বার।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের