হোম > রাজনীতি

গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ উপেক্ষিত: জামায়াত আমির

সিলেট প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ রোববার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি। আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে। নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন। তাঁরা সংস্কার চান। কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।’

আজ রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় জামায়াতের আমির এসব কথা বলেন। সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘এই রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি সংসদে ভাষণ দেবেন, তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আপত্তি নেই, ব্যক্তি সম্পর্কে আপত্তি আছে।’ এ বিষয় থেকে মুক্তি দিতে সরকারি দলের কাছে অনুরোধ জানান ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে। জাতীয় নির্বাচন শেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ালেও সংকট এখনো কাটেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসার প্রবণতা বিদ্যমান। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে, যা দুঃখজনক। রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আস্থা কমে গেছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।’

গণভোট ও সংস্কার প্রসঙ্গে সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘জনগণ পরিবর্তনের পক্ষে মত দিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় মানুষের মধ্যে আবারও অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।’

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, ‘এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। জনগণের অর্থ ও স্বার্থ রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে। আমরা বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক ভূমিকা পালন করব। তবে জনগণের অধিকার রক্ষায় কোনো আপস করব না।’

জামায়াত আমির বলেন, ‘নতুন ও ইতিবাচক ধারার রাজনীতি তৈরি করতে গত নির্বাচন বর্জন করিনি। অতীতের ধারায় আমরা নির্বাচনের সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করিনি। আমরা বলেছি, বুকে চাপ নিয়ে নির্বাচন মেনে নিয়েছি। তারপরও টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল), সুজনের (সুশাসনের জন্য নাগরিক) মতো সংগঠন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেছে। আমরা মনে করি, গত নির্বাচন কেমন হয়েছে, তা বোঝার জন্য এসব প্রতিবেদন সহায়ক হবে।’

জামায়াত আমির শফিকুর রহমান আজ রোববার সিলেটের দক্ষিণ সুরমা থানা শাখার সদ্য প্রয়াত আমির মাওলানা মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। ছবি: আজকের পত্রিকা

শফিকুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সড়কপথে সিলেটে আসার সময় বিভিন্ন স্থানে যখনই ভাঙায় পড়েছি, তখনই বলেছি “ওয়েলকাম টু সিলেট” কিন্তু বাস্তবে সড়কসহ নানা খাতে উন্নয়নের অভাব স্পষ্ট। শুধু সড়ক নয়, সব খাতেই সিলেটের যেটুকু প্রাপ্য, সেটুকু নিশ্চিত করতে হবে। আমরা অতিরিক্ত কিছু চাই না, ন্যায্য অধিকারটাই চাই।’

জামায়াতের আমির আরও বলেন, ‘সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। বিরোধী দল হিসেবে আমরা জনগণের পক্ষে দাবি তুলব, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।’

মতবিনিময় সভায় সিলেটের সাংবাদিক সমাজের ঐতিহ্য ও সামাজিক সহমর্মিতার প্রশংসা করে জামায়াত আমির বলেন, ‘সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় জামায়াতের মিডিয়া সেলের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মো. শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন এবং সিলেট মহানগর ছাত্রশিবির সেক্রেটারি এ টি এম ফাহিম প্রমুখ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জামায়াত আমির শফিকুর রহমান সদ্য প্রয়াত দক্ষিণ সুরমা থানা আমির মাওলানা মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, সরকারের কার্যকর উদ্যোগ নেই: জামায়াত

২৫ ও ২৬ মার্চে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন: জামায়াত আমির

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে আমরা লজ্জিত: জামায়াত আমির

রাজধানীর মিরপুরে নিজ আসনে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

আজ রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

ঈদে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির

পবিত্র ঈদুল ফিতরে ‘কল্যাণময় রাজনীতি’ এগিয়ে নেওয়ার আহ্বান জি এম কাদেরের

ভেদাভেদ ভুলে সবাইকে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের