ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকায় মানুষ পান করতে পারে না বলে জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম মিলন। আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
সাইফুল আলম মিলন বলেন, ‘ঢাকা শহরে যাঁরা বাস করেন, তাঁদের চারটা সমস্যা। একটা হলো জলাবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত প্রাকৃতিক খালকে বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আমার ঢাকা-১২ এলাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। সামনে বর্ষা আসছে। জায়গায় জায়গায় হাঁটুপানি।’
সাইফুল আলম বলেন, ২৭ নম্বরেও (ধানমন্ডি) পানি জমে। বিজয় সরণিতেও পানি জমে। বসুন্ধরার সামনে পান্থপথের উত্তর পাশে একটা খাল ছিল, এটা বন্ধ করে দিয়ে মার্কেট করা হয়েছে। যার ফলে পান্থপথের উত্তর দিকের আবাসিক এলাকায় বর্ষাকালে হাঁটুপানি জমে যায়। এটিসহ আরও এলাকার জলাবদ্ধতা দূরে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
জামায়াতের এই এমপি বলেন, ‘ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকে, মানুষ ওয়াসার পানি খেতে পারে না। মন্ত্রীকে আমি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’
বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সাইফুল আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন বাইরে ছিলেন। আমিও সেখানে ছিলাম, কিন্তু আমার সঙ্গে দেখা হয় নাই। বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা উচিত। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ভালো করার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চাচ্ছি। জায়গায় জায়গায় ভাগাড় বসানো হয়েছে, গন্ধ বের হচ্ছে। এগুলোর সমাধান করা দরকার।’
গ্যাসের সমস্যায় পুরো ঢাকা শহর ভুগছে বলে উল্লেখ করে সাইফুল আলম বলেন, ৪০-৫০ বছরের পুরোনো গ্যাসের লাইন। এগুলো সংস্কার করা দরকার।