হোম > রাজনীতি

বিএনপি ভঙ্গুর ও পরনির্ভর রাজনৈতিক দল: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নতজানু, ভঙ্গুর ও পরনির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা জনগণের কাছে না গিয়ে বিদেশি আর বিদেশি দূতাবাসের কাছে যায়।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।

বিএনপি নেতাদের দেশের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় বিদেশিরা বসাবে না, ক্ষমতায় বসাবে এ দেশের জনগণ।

কাদের বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের কথা প্রথমে অস্বীকার করলেও এখন স্বীকার করছে। এখন বলছে, প্রবাসী একজন বাংলাদেশি এ কাজ করছেন। এই প্রবাসী বাংলাদেশি কে? তাঁর পরিচয় কেন প্রকাশ করেননি?

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলেছেন, এ ধরনের কার্যক্রমে তাঁদের নৈতিক সমর্থন আছে এবং তাঁরা এতে সংহতি প্রকাশ করেন। এ থেকেই সবকিছু স্পষ্ট হয়। জনগণ এসব কৌশলী জবাব কথামালার চাতুরিতে বিভ্রান্ত হয় না। জনগণ জানে তাদের আসল পরিচয়।

বিএনপি মহাসচিবের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে চিঠি লেখা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাঁদের ভাষায় নাকি মানবাধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চিঠি লিখেছেন। অন্তত চিঠি লেখার কথা তো স্বীকার করেছেন! তাঁরা কথায় কথায় সার্বভৌমত্বের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। তবে কি বিদেশিদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো স্বাধীন দেশের রাজনৈতিক দলের কাজ হতে পারে?

ওবায়দুল কাদের বলেন, যারা জীবন্ত মানুষকে পেট্রোলবোমায় পুড়িয়ে মারে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালায়, হাওয়া ভবনের নামে অনিয়ম আর লুটপাট চালায়, তারাই আজ মানবাধিকারের কথা বলে, যা শুনলে হাসি পায়।

আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবার লুটপাটের নেশায় ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি তাঁদের মতো মেরুদণ্ডহীন এবং জনগণের সঙ্গে সম্পর্কহীন রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব।

বিদেশে বাংলাদেশ গণতন্ত্রহীন, ন্যায়বিচারহীন দেশ হিসেবে পরিচিত—বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ বিএনপি চোখে দেখে না। বাংলাদেশকে যখন উন্নয়ন ও অর্জনের রোল মডেল বলা হয়, তখন তারা কানে শোনে না। দলটি চায় এ দেশ সমস্যা জর্জরিত রক্তাক্ত জনপদ হয়ে যাক, মুক্তিযুদ্ধের বিরোধী স্রোতধারায় চলুক।

বিদেশে বিএনপি শুধু মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেনি, তারা এফবিআইকে ভাড়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করার ষড়যন্ত্র করেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সন্তান ও জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে ‘ফিজিক্যালি হার্ম’ করার পরিকল্পনা প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির কর্মী রিজভী আহমেদ সিজারের বিরুদ্ধে।

কাদের বলেন, রিজভী আহমেদ সিজার আদালতে আরও জানায়, এই কাজের জন্য বিএনপির হাইকমান্ড থেকে সাড়ে চার কোটি টাকা পুরস্কার হিসেবে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে লিপিবদ্ধ আছে। এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের