হোম > রাজনীতি

বিএনপির টিভি চ্যানেল বয়কটের ঘোষণায় মালিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির পক্ষ থেকে ‘৭১ টিভি’ ও ‘সময় টিভি’র টকশো বর্জনের ঘোষণায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। 

আজ মঙ্গলবার সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং ৭১ টিভিকে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। 

তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে অ্যাটকো সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে। 

এর আগে ৮ আগস্ট ‘সময়’ ও ‘৭১’ টেলিভিশনের টকশো বর্জনের আহ্বান জানায় বিএনপি। বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। 

ওই চিঠিতে বলা হয়, কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে নগ্নভাবে বিএনপির বিরুদ্ধে বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় দল ও নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করতে। এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

চিঠিতে বিএনপি সমর্থক আলোচকদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলা হয়, ‘আমাদের দলের আলোচকদের অনুপস্থিতিতে দর্শকদের কাছে সংশ্লিষ্ট ওই টকশো ও চ্যানেল দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। আর তখনই কেবল তাঁরা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে। আসুন আমরা সব আলোচক আগামী ৯ আগস্ট থেকে ৭১ ও সময় টিভির টকশোতে অংশগ্রহণ বন্ধ রাখি।’ 

‘পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে’ বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

অসুস্থতার অজুহাতে যেন সাহাবুদ্দিন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম

সাহাবুদ্দিনকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির