হোম > রাজনীতি

এলএনজির সংকট কৃত্রিম ও আমদানি নির্ভরতা বাড়ানোর চক্রান্ত—অভিযোগ সিপিবির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশ করে সিপিবি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীসহ সারা দেশে চলমান তীব্র গ্যাস-সংকট অবিলম্বে নিরসনের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি। মিছিলপূর্ব সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, এলএনজি আমদানিনির্ভর নীতিকে জোরদার করার অংশ হিসেবে দেশে কৃত্রিমভাবে গ্যাস-সংকট সৃষ্টি করা হয়েছে।

রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে আজ মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, জনজীবন বিপর্যস্ত হলেও সরকার দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি চুক্তির প্রক্রিয়া চলমান থাকায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির জন্য চাপ থাকার প্রেক্ষাপটে বর্তমান সংকটের সঙ্গে এলএনজি আমদানিকেন্দ্রিক চক্রান্তের সম্পর্ক থাকতে পারে।

সিপিবির এই নেতা আরও বলেন, কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ক্ষতিগ্রস্ত টার্মিনাল দ্রুত মেরামত এবং বহুজাতিক কোম্পানির প্রভাবমুক্ত বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।

সভায় সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, গত এক যুগের বেশি সময় ধরে দেশের জ্বালানি খাতকে পরিকল্পিতভাবে দেশীয় সম্পদনির্ভর নীতি থেকে সরিয়ে আমদানিনির্ভর ও এলএনজিনির্ভর করা হয়েছে।

সমাবেশ থেকে পেট্রোবাংলা, বাপেক্স ও রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগ বাড়ানো এবং তেল, গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য হাসিনুর রহমান রুশো ও ত্রিদিব সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, আমিনুল ফরিদসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এনসিপির

কারও হাত, কারও পা ভেঙে দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রীয় সম্পদে ‘করপোরেট নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ

নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা করেছেন বিএনপির নেতা-কর্মীরা, অভিযোগ নাহিদের

হবিগঞ্জে পুলিশের সামনে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ

জুলাই আন্দোলনে ৭.৬২ বুলেটের কথা বলে ধোঁয়াশা ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা: জাহেদ উর রহমান

সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার

জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, পানিসম্পদমন্ত্রী এ্যানির প্রশ্ন

এনসিপি কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত, করলেন বৈঠক