হোম > রাজনীতি

এনাফ ইজ এনাফ, এবার রাজনীতি থেকে সরে যাও: আ.লীগের উদ্দেশে জামায়াত আমির

লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি

নীলফামারী তিস্তার হেলিপ্যাডে জামায়াতের নির্বাচনী জনসভা। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘নিজেদের তৈরি ফ্যাসিবাদের যন্ত্রণা এড়াতে তারা দেশ ছেড়ে চলে যায়। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না।’ তিনি আরও বলেন, ‘এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার রাজনীতি থেকে সরে যাও।’

আজ বুধবার নীলফামারী ও লালমনিরহাটে তিস্তার হেলিপ্যাডে পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘তিস্তা এই অঞ্চলের অহংকার হওয়ার কথা ছিল, এখন তিস্তা এক সাগর দুঃখ। আমরা ক্ষমতায় গেলে তিস্তায় হাইড্রোপাওয়ার করা হবে।’ তিস্তা উত্তরবঙ্গের উন্নয়নের প্রধান অংশ দাবি করে তিনি বলেন, যেকোনো কিছুর মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এত দিন ধরে উত্তরবঙ্গের সঙ্গে সৎমায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে।

‘হ্যাঁ’ ভোটের ব্যাপারে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষের শক্তি বস্তাপচা রাজনীতি ও চাঁদাবাজদের সঙ্গে নেই। তারা জুলাইয়ের শক্তি। ‘হ্যাঁ’ ভোটের বিজয় জনতার বিজয়, ‘হ্যাঁ’ ভোটের পরাজয় জনতার পরাজয়।

বর্তমান রাজনীতি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, রাজনীতি ও দুর্নীতি একসঙ্গে হয় না। তিনি প্রশ্ন তোলেন, দুটোর একসঙ্গে কিসের সম্পর্ক। যারা দুর্নীতি করে, তারা ডাকাত।

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা স্বাধীন বিচারব্যবস্থা কায়েম করব। একই অপরাধে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষের একই সাজা হবে।’ তরু নদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা তোমাদের সঙ্গে নিয়ে যৌবন ও তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়তে চাই।’

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আয়ু লাহোরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনপিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আয়ু সাঈদ মিয়াসহ ১১ দলীয় জোটের জেলা-উপজেলার নেতারা।

লালমনিরহাট

আজ দুপুরে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠের জনসভায় শফিকুর রহমান বলেন, ‘মতলববাজদের রাজনীতিতে কবর রচিত হতে শুরু করেছে। এই নির্বাচন স্বাধীনতার ৫৪ বছরে যারা জাতির সঙ্গে বেইমানি করেছে, তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন। অনেক হয়েছে, এখন তোরা রাজনীতি থেকে সরে যা। রাজনীতি কোনো ব্যবসা নয়, চাঁদাবাজি নয়, লুণ্ঠন নয়, দুর্নীতি নয়; রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়।’

জামায়াত আমির বলেন, ‘আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন, তা তো হবে না। রাজনীতি তো নিজেই রাজা। দুর্নীতি যারা করে, তারা তো মাতাল, চোর, লুণ্ঠনকারী। তারা বিদেশে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। আল্লাহ আমাদের সুযোগ দিলে আপনাদের ভালোবাসার মায়ায় আমরা কথা দিচ্ছি—ওদের মুখের ভেতর হাত দিয়ে সবগুলো বের করে আনা হবে।’

তরুণদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আমরা যৌবন ও তারুণ্যদীপ্ত একটি বাংলাদেশ গড়তে চাই। তরুণ-যুবকেরা তোমরা কি প্রস্তুত? ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেব। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও দক্ষ কারিগর বানিয়ে আমরা তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব।’

তিস্তা নদী প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘তিস্তা এই অঞ্চলের উন্নয়নের অহংকার হওয়ার কথা ছিল। তিস্তার নাম এখন এক সাগর দুঃখ। তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। আমরা কথা দিচ্ছি, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। কারও লাল চক্ষু সহ্য করব না। আমার দেশ আগে, দেশের মানুষের স্বার্থ আগে।’

স্থানীয় বাসিন্দাদের দাবি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘এই অঞ্চলের অনেকগুলো যৌক্তিক দাবি রয়েছে। বুড়িমারী স্থলবন্দর আধুনিকায়ন, মহাসড়ক চার লেনে উন্নীত করা। এ রাস্তা দেখে মনে হয় রাস্তা নাকি সাগর। অসুস্থ রোগীর এখানে জান কবজ হয়ে যায় কেন? উত্তরাঞ্চল কি বিমাতার সন্তান, যে তাকে অবহেলা-অবজ্ঞা করতে হবে? উত্তরাঞ্চল দিয়ে উন্নয়নের বিসমিল্লাহ করা হবে।’

বিএনপির উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘এ দেশের মানুষ তোমাদের অনেক দেখেছে, এবার আমাদের সুযোগ দাও। আমরা বসন্তের কোকিল নই, আমরা দুঃখেও আছি, সুখেও আছি। আমরা দেশ ছেড়ে পালাব না, মাটি কামড়ে থেকেছি, আগামীতেও থাকব।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীকে যে বেতন-সম্মানী দেওয়া হয়, তা চলার মতো নয়। রাষ্ট্রই তাদের দুর্নীতির সুযোগ করে দিয়েছে। আগে সম্মান জানাতে হবে, সম্মানের সঙ্গে বাঁচতে দিতে হবে। তারপর দুর্নীতি হলে বিচার করতে হবে। আমরা আগে সম্মান দিতে চাই।’

নারীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘প্রয়োজনে জীবন দেব, মায়েদের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না। এ দেশের ৯ কোটি নারী আমাদের মা। তাদের আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারাও দেশ গড়ায় অংশ নিবে, পেশাগত দায়িত্ব পালন করবে। তাদের কর্মস্থল হবে নিরাপদ আর তারা কাজ করবে মর্যাদার সঙ্গে। আমরা নারীদের সেটা নিশ্চিত করব ইনশা আল্লাহ।’

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আদীব

নির্বাচন নিয়ে এবারও ষড়যন্ত্র করছে ভারত: নাহিদ ইসলাম

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

ক্ষমতায় গেলে ‘আমার টাকা আমার হিসাব’ অ্যাপ চালু করতে চায় জামায়াত

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কার্যকর সমাধান সম্ভব: জুবাইদা রহমান

নির্বাচনী ইশতেহার: হতদরিদ্রদের মাসে ৫০০০ টাকা ভাতার ঘোষণা ইসলামী আন্দোলনের

ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন করবে জামায়াত

জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয়

বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম