হোম > রাজনীতি

ভোটার-এজেন্টদের বাধা দিয়ে একটি দলের কর্মীরা দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনে ভরাডুবি হবে —এমন হতাশায় ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে একটি দলের কর্মীরা দেউলিয়াত্ব প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা রিপোর্ট পেয়েছি—কিছু কিছু জায়গায় দুঃখজনক ঘটনা ঘটেছে। বরিশালের ভোলায় গতকাল আমাদের নেতা-কর্মীদের ওপর ব্যাপক হামলা হয়েছে। আমাদের এজেন্টদের কাজ করতে দেওয়া হয়নি। তারা কাগজপত্র প্রস্তুত করার সময় সংঘাতের সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, আজও ভোলা-২ আসনে হামলার শিকার হয়েছেন। প্রশাসন কার্যকর সহযোগিতা করছে না—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। কুমিল্লা-৮ আসনে একদল সন্ত্রাসী কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দিচ্ছে না, ভোটারদের বাধা দিচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। যারা এগুলো করছে তারা হতাশাগ্রস্ত। এসবের মাধ্যমে তারা নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতি তার সমস্ত সন্তানকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। নতুন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য এবং কল্যাণকর রাষ্ট্রের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়া অপরিহার্য বিষয়। আমাদের দৃঢ় বিশ্বাস, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জনগণ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করবেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, গত দেড় যুগের ইতিহাসে বিপুল উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক মানুষের উপস্থিতিতে ভোটের এই আয়োজন আমরা দেখছি। এটি নতুন প্রজন্মের জন্য একটি নতুন ইতিহাস। তারা ভোট না দেওয়া দেখেছে, জালিয়াতি দেখেছে, বিনা ভোটে সরকার দেখেছে, ‘আমি’ ও ‘ডামি’ নির্বাচন এবং রাতের ভোট দেখেছে। এবারই প্রথম উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, জনগণ ভোট দিচ্ছে—এটি আমাদের জেন-জি ও মা-বোনেরা দেখছে।

তিনি বলেন, আমরা দেশবাসীকে আহ্বান জানাই— সবাই দ্রুততম সময়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আগামীর বাংলাদেশের জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করে তারা তাদের দায়িত্ব পালন করবেন।

জামায়াতের এই নেতা বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি— প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণ একটি সুন্দর ও প্রত্যাশিত নির্বাচন দেখতে চায়। কোনো অবস্থায় দায়িত্বশীল ব্যক্তিরা যাতে হেলে না পড়েন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করেন —এটি আমাদের ও জাতির প্রত্যাশা। কোনো ব্যত্যয় হলে অবশ্যই জনগণের কাঠগড়ায় তাদের জবাবদিহি করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসন ও নির্বাচন কমিশনে যারা আছেন, তারা নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন —এটাই আমাদের প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান, ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার সাইফ উদ্দীন খালেদ, ব্যারিস্টার ফখরুল ইসলাম ও মিয়া মো. তরুণ।

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: ভোটারদের উদ্দেশে বিএনপি

কেন্দ্র দখল, সহিংসতা অনিয়মের ২১ অভিযোগ এনসিপির

জামায়াতের নেতৃত্বে সরকার গঠনের আশা নাসীরুদ্দীন পাটওয়ারীর

জয়ী হলে সন্ত্রাস–চাঁদাবাজদের হাড্ডি প্রশাসন দিয়ে গুঁড়া করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান

ফলাফল যা-ই হোক, মেনে নেব: ইশরাক হোসেন

দুপুর পর্যন্ত ভোট পড়ার হার কম, ইঞ্জিনিয়ারিংয়ে ফল মানা হবে না: মির্জা আব্বাস

আগে সবার ভোটাধিকার নিশ্চিত করি, বিকেলে হয়তোবা নিজের ভোট দেব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটার একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ

যাকে উপযুক্ত মনে করেন, পছন্দ অনুযায়ী তাকেই ভোট দিন: তারেক রহমান