হোম > রাজনীতি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি: শফিকুর রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর দায়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুকের ওই পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আজ হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি। তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘তা না করে যে হাসপাতালটি ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়?’

শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।’

প্রসঙ্গত, রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির লাইসেন্স বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন।

ঈদের আগের দিন গত ২৭ মে ভোররাতে মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। তারা সবাই এক থেকে চার দিন বয়সী ছিল। এ ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ প্রমাণ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে।

আদ্-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশনের মালিকানাধীন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।

ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের

এত রাজস্ব আদায় এই সরকারের পক্ষে সম্ভব না: নাহিদ ইসলাম

দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে: হামিদুর রহমান আযাদ

বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকনির্দেশনা নেই, বৈষম্য বাড়ার আশঙ্কা সিপিবির

এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে: ড. আতিক মুজাহিদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত-শিবিরের বিরোধিতা করায় অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে: মাহফুজ আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অসত্য’ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জামায়াত এমপির

এটা বাণিজ্য চুক্তি নয়, মার্কিন প্রশাসনের হুকুমনামা: আনু মুহাম্মদ

১২ জুন সব সীমান্তে সমাবেশের ঘোষণা ১১ দলের, রাজধানীতে ১৫ জুন