ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভূমিধস জয়ের পর সরকার গঠনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অর্থনীতিকে সচল করাকে সামনে এনেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার গঠিত হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিকে সচল করা। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের ওপর জোর দেন তিনি।
আজ শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফিরে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মহাসচিব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে এই নির্বাচন। এই নির্বাচন চমৎকার, উৎসবমুখর—এ রকম স্বচ্ছ একটা নির্বাচন হয়েছে... সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাটা আমরা রাখতে পারব।’
সরকার গঠন করলে বিএনপির সামনে চ্যালেঞ্জ কী দেখছেন—এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আর দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা।’