হোম > রাজনীতি

এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণা জামায়াত নেতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গতকাল সোমবার রাতে হঠাৎ করেই ইশতেহার ঘোষণা করেন জামায়াত নেতা ডা. মো. আবু নাছের। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দেওয়া আসনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণা করলেন জামায়াতে ইসলামীর নেতা।

এই আসনে শাপলা কলি প্রতীকে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী ডা. মো. আবু নাছের। জামায়াতসহ ১১ দলীয় জোটের দুই প্রার্থী মাঠে থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

এই আসনে জামায়াত প্রথমে ডা. মো. আবু নাছেরকে প্রার্থী ঘোষণা করে। এনসিপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর এখানে জোটের প্রার্থী করা হয় এনসিপি নেতা জোবাইরুল হাসান আরিফকে। কিন্তু জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তিনিও মাঠে রয়েছেন। সর্বশেষ দাঁড়িপাল্লার প্রার্থী ১১ দফা নির্বাচনী ইশতেহারও ঘোষণা করলেন। গতকাল সোমবার রাতে তিনি ইশতেহার তুলে ধরেন।

ইশতেহার ঘোষণাকালে আবু নাছের বলেন, নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে দৃশ্যমান ও মৌলিক পরিবর্তন আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তাঁর লক্ষ্য শহর ও গ্রামের মধ্যে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা। এ ছাড়া কালুরঘাট সেতু নির্মাণ, চান্দগাঁও, বোয়ালখালী এবং পাঁচলাইশ-বায়েজিদ এলাকার আংশিক জলাবদ্ধতা নিরসন, শ্রমিকদের ন্যায্য মজুরি, আন্তধর্মীয় সম্প্রীতি, ইকো-টুরিজম গড়ে তোলা, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওমর ফারুক বিন নুরুল আবছারের মা রুবি আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘১১ দলীয় জোটের সিদ্ধান্তে আমি এই আসনে নির্বাচন করছি। এলাকায় আমার অবস্থান ভালো।’ দাঁড়িপাল্লার প্রার্থী কেন ভোট করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জোটের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচন করছি।’

জোটের প্রার্থীর থাকার পরও শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণার বিষয়ে ডা. মো. আবু নাছের বলেন, ‘এলাকার মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে আমি পারিনি। শেষতক নির্বাচন করছি। এলাকার মানুষ আমাকে বেছে নেবেন বলে মনে করি।’

সংস্কারের দাবি: রাজপথে দীর্ঘমেয়াদি আন্দোলনের আভাস

নতুন রাজনৈতিক দল জেডিপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

পার্থর বিরুদ্ধে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট করে যা বললেন ফয়েজ আহমদ

ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ: এ টি এম আজহার

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ তিন অধ্যাদেশ বাতিল ও স্থগিতে টিআইবির ক্ষোভ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ তৈয়্যব