জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ওয়াশিংটনভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। আজ বুধবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লকেল প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।
আসিফ মাহমুদ জানান, সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় জরিপের বিভিন্ন ফলাফল ও প্রতিবেদনের নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়। একই সঙ্গে অব্যাহত যোগাযোগ, সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
এ সময় এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকবিষয়ক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।