জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে রাষ্ট্র সংস্কার ও কাঠামোগত রূপান্তরের ১০ দফা রূপরেখা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
ইশতেহার ঘোষণা করে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ছিল শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার লড়াই। কিন্তু আজও রাষ্ট্র কাঠামোর ভেতরে ঔপনিবেশিক ও বৈষম্যমূলক ধারা বহাল রয়েছে। আমরা চাই অংশীদারত্বমূলক গণতন্ত্র—যেখানে শ্রমজীবী, কর্মজীবী, নারী, ক্ষুদ্র জাতিসত্তা ও সাধারণ মানুষ শুধু ভোটার নয়, রাষ্ট্র পরিচালনার সক্রিয় অংশীদার হবে।’
মাহমুদ স্বপন আরও বলেন, ‘এই ইশতেহার কেবল সরকার পরিবর্তনের ঘোষণা নয়; বরং রাষ্ট্র সংস্কারের একটি রূপরেখা। ’৭১ ও ’২৪-এর শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে আমাদের প্রস্তাবিত ১০ দফা বাস্তবায়ন অপরিহার্য।’
ইশতেহারে দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ, দেশকে ৯টি প্রদেশ বিভক্ত ও প্রাদেশিক সরকার ব্যবস্থা তৈরি, জাতীয় ঐকমত্য সরকার গঠন, ১৫% ভোটারের লিখিত আবেদনে নতুন আইন প্রণয়নের সুযোগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন, ফেডারেল সরকার ও স্বশাসিত উপজেলা, জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (NEC), জাতীয় নিরাপত্তা কাউন্সিল (NSC), সাংবিধানিক আদালত, স্থায়ী বিচার বিভাগীয় কাউন্সিল, সংবিধান ও শাসন সংস্কার, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন সংস্কার, গণমাধ্যম ও জাতীয় সমঝোতা কমিশন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার, নারীর ক্ষমতায়ন, প্রতিরক্ষা ও নিরাপদ জ্বালানি, অর্থনৈতিক উন্নয়ন ও যুব-উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে এই ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ‘তারা’ মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জেএসডির নেতারা।
সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেএসডির সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন। অতিথি হিসেবে বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ডা. হেলালুজ্জামান আহমেদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, বাংলাদেশ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু এবং ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস।
অনুষ্ঠানে জেএসডির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাইনুর রহমান, মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, এস এম শামসুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মোস্তফা কামাল, ইকবাল খান জাহিদ, আব্দুল মান্নান মুন্সীসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সহযোগী সংগঠনের নেতারা।