দেশব্যাপী নির্বাচনী প্রচারাভিযান শেষ করে এখন নিজ কার্যালয়ে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সারা দেশের ভোটের সার্বিক খবরাখবর জানা ও ব্যবস্থাপনা করতে দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।
আজ মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, ‘চেয়ারম্যান মহোদয় এখন গুলশানে অফিস করছেন। সকাল থেকে সারা দেশে প্রার্থীদের খোঁজখবর নিয়েছেন। নিজে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছেন। সারা দেশে পরিবেশ কেমন তা তিনি জেনেছেন।’
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দলগুলোর জন্য ৯টি আসন ছেড়ে ২৯১ আসনে লড়ছেন ধানের শীষের প্রার্থী। গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দলের নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের মৌচাক, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জের সোনারগাঁও, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকার উত্তরা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরে একটানা নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি।
সব মিলিয়ে ঢাকাসহ সারা দেশে ৪১টি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। দলের প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষে ভোট চেয়েছেন।