হোম > রাজনীতি

সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব: জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শফিকুর রহমান। ফাইল ছবি

জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব সামনে এসেছে, সেসব বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বুধবার সকালে রাজধানীর মণিপুরে আয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল বলে আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আর আমি হয়েছি বিরোধীদলীয় নেতা। জুলাই না এলে কি আমরা এটা হতে পারতাম? তাই আমাদের অবশ্যই জুলাইকে স্বীকৃতি দিতে হবে ও সম্মান করতে হবে।’

জামায়াত আমির যোগ করেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, সেগুলো বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করব। আর সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা জনগণের হয়ে কথা বলব, কিন্তু ছেড়ে দেব না।’

শফিকুর রহমান আরও বলেন, ‘গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশা আল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আজকের এই অভিযানে অংশগ্রহণ করার মানে হচ্ছে—আমার প্রিয় মিরপুরবাসী ও দেশবাসীকে এই বার্তা দেওয়া যে—আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে, তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের ওপর পড়ে। তখন মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধসম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা যদি আন্তরিক হই ও নিজেদের আঙিনা পরিষ্কার রাখতে পারি, তবে আমাদের প্রিয় জন্মভূমিও পরিষ্কার হয়ে যাবে। আজকের এই বার্তা দেওয়ার মাধ্যমে আমার প্রিয় এলাকাবাসী ও সহকর্মীগণকে বলব, আজ এটা লোকদেখানো নয়, আজ কেবল শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রতি ইউনিট সংগঠনকে কমপক্ষে আধা ঘণ্টা সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করতে হবে। এক ঘণ্টা করতে পারলে আরও ভালো। এরপর তারা পরিবারসহ সমাজের অন্যান্য সেবামূলক কাজে ছড়িয়ে পড়বে।’

পরিচ্ছন্নতা কর্মসূচিতে আরও অংশ নেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, নায়েবে আমির আবদুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক প্রমুখ।

আপনারা বড় পাষাণ হৃদয়: ফয়েজ আহমদ তৈয়্যব

ভোটের আগেই আসন ভাগাভাগি করেছে দুই জোট: গাজী আতাউর

সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে: জামায়াত আমির

তারেক রহমান প্রধানমন্ত্রী, গণতন্ত্রে দেশ

ওসমান হাদির কবর জিয়ারত করলেন এমপি আতিক মুজাহিদ

খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে: নাহিদ

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সাক্ষাৎ

যে সাজে বাবার শপথ অনুষ্ঠানে এসেছিলেন জাইমা রহমান

নির্বাচনী বাঁটোয়ারা মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম

বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের ও চিফ হুইপ নাহিদ