রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শিশু হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ধর্ষণ এবং হত্যার শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছেন, ‘কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেয়া হয়—বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করুন। ইসলামিক বিচার ব্যবস্থায় বলা হয়েছে, এই সব হত্যার বিচার প্রকাশ্য জনগণের সামনে মৃত্যুদণ্ড দিলে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে। প্রয়োজনে তাই করুন।’
আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
জনগণের অসহায়ত্ব তুলে ধরে গোলাম পরোয়ার বলেন, শিশুটির পিতা ক্ষোভে দুঃখে বলছেন, ‘আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না।’
জামায়াতের এই নেতার দাবি, যেন শুধু গ্রেপ্তার করেই সামাল না দেয়া হয়, বরং এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মানব সমাজ শতভাগ অপরাধ মুক্ত হয় না কথা ঠিক, অপরাধপ্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে; তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুর, এত বর্বর যে–দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে? এই নৃশংসতা আইয়ামে জাহেলিয়াকে হার মানিয়ে দিয়েছে।’
সমাবেশে সরকার উদ্দেশ করে গোলাম পরোয়ার বলেন, ‘আপনারা আইন শৃঙ্খলায় জনগণের হক আদায় করতে পারছেন না।’
মিরপুরে মাজারে হামলার অভিযোগ প্রসঙ্গে পাল্টা অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, সরকার অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়। জামায়াত ইসলামী কোনো মবের রাজনীতি করে না বলেও উল্লেখ করেন তিনি।