জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে ছলচাতুরী করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেছেন, ‘১৯৪১ সালে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হইছে। এই দীর্ঘ বছর পর্যন্ত তারা সঠিক স্ট্যান্ডার্ডের উপরে দাঁড়ায় নাই। বিভিন্ন সময় তারা ছলচাতুরী করেছে। এই জন্য গত ১৮ বছর শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ তাদের উপর কৃতকর্মের শাস্তি হিসাবে গজব দিয়েছিলেন।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সমাজ এবং রাষ্ট্রের মূল সমস্যা ও মৌলিক সমস্যাসমূহ এবং সমাধানের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে হুমায়ূন কবীর এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে ইসলামী সমাজ নামের একটি সংগঠন।
গত ১৬ বছর সবচেয়ে নির্যাতিত দল জামায়াতে ইসলামী উল্লেখ করে ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ‘তাদের (জামায়াতে ইসলামী) বহু লোককে জেলে নেওয়া হইছে। গুম-খুনের মধ্যেও হিসাব করলে পাওয়া যাবে না, এ রকম না। তাইলে এই দলের উপরে এত নির্যাতন করছে, এই দলের লোকেরা মনে করে এগুলো আমাদের ইমানের পরীক্ষা, ভোটও ইমানের পরীক্ষা।’
ইসলামী সমাজের আমির বলেন, ‘১৯৪১ সালে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হইছে। এই দীর্ঘ বছর পর্যন্ত তারা সঠিক স্ট্যান্ডার্ডের উপরে দাঁড়ায় নাই। বিভিন্ন সময় তারা ছলচাতুরী করেছে। এই জন্য এই ১৮ বছর শেখ হাসিনারে দিয়া আল্লাহ তাদের উপরে তাদের কৃতকর্মের শাস্তি হিসাবে গজব দিয়েছিলেন। কিন্তু তারা বোঝে নাই, এটা গজব। তারা বলছে, রহমত। এখন তারা মনে করতেছে সুযোগ আসছে আমাদের জন্য।’
জামায়াতে ইসলামীর এবার ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ‘জামায়াতে ইসলামী সুযোগ মনে করছে এইবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার। এবার ক্ষমতায় যাইতে হবে, তাহলে ক্ষমতা যাওয়ার জন্য আমেরিকাকে অসন্তুষ্ট না করে খুশি করে ক্ষমতায় যেতে হবে, ইন্ডিয়াকেও খুশি করতে হবে, দেশের মানুষকেও খুশি করতে হবে। আর এই চিন্তায় আল্লাহর বিধান থেকে আমাদেরকে (জামায়াতে ইসলামী) দূরে যেতে হবে। কারণ, তারা তো চায় না ইসলাম আসুক।’
ইসলামী সমাজের আমির বলেন, ‘জামায়াতে ইসলামী নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা এখন যে সংবিধান বা প্রচলিত সংবিধান এই জায়গায় মেনেই রাষ্ট্র চালাবে। তাদের ইশতেহারে কোথাও নাই যে আমরা (জামায়াতে ইসলামী) রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বর্তমান সংবিধান বাদ দিয়ে আল কোরআনের আলোকে নতুন সংবিধান রচনা করব। ওই সংবিধান দিয়ে রাষ্ট্র চালাব। তাদের নেতাদের বক্তব্যের মধ্যে এক জায়গায়ও এ রকম কোনো কথা নাই আমরা গণতন্ত্র মানি না, মানব না। আমরা গণতন্ত্রকে বিদায় করব, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাব।’
এ পর্যন্ত যারা রাষ্ট্রক্ষমতায় গেছে সবাই ক্ষমতাকে অপব্যবহার করেছে বলে মন্তব্য করেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, ‘মানুষের সার্বভৌমত্ব-ভিত্তিক গণতন্ত্র ও আল-কোরআন বিরোধী, সংবিধানই বাংলাদেশের মূল সংকট। এ সংবিধানের প্রতি আনুগত্য এবং এর ধারক-বাহক নেতা বা সরকারের প্রতি আনুগত্য—এই তিনটিই দেশের মৌলিক সমস্যা।’
ইসলামী সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মুহাম্মাদ সালেহর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় অঞ্চল-২-এর দায়িত্বশীল মুহাম্মাদ ইয়াছিন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মো. আলী জিন্নাহ্, আজমুল হক, মো. নুরুদ্দিন, মো. সেলিম মোল্লা, সাইফুল ইসলাম মিঠু ও হাফিজুর রহমান প্রমুখ।