কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে কৃষকদের সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তিন নেতার মাজার প্রাঙ্গণে অবস্থিত তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির অঙ্গসংগঠন জাতীয় কৃষক শক্তি। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
দেশের কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, উত্তরাঞ্চলে সার সংকট, ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে কৃষকদের সংকট বাড়ছে।
পঞ্চগড়ে দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকায় বিক্রির উদাহরণ দিয়ে তিনি বলেন, কৃষক কেন তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন না?
কৃষকদের স্বার্থ রক্ষায় সার সরবরাহ নিশ্চিত করা, বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ করা, হিমাগার ও শস্য সংরক্ষণাগার নির্মাণ, কৃষিঋণে সহানুভূতিশীল নীতি গ্রহণ এবং সরকারি প্রণোদনা বাড়ানোর আহ্বান জানান তিনি।
শেরে বাংলার কৃষকবান্ধব আদর্শ দেশের সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন আখতার হোসেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন, জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, মুখ্য সংগঠক নফিউল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহদী, কেন্দ্রীয় সদস্য দিদার শাহ প্রমুখ।