‘শিক্ষার পণ্যায়ন নয়, পুঁজির দাসত্ব নয়, চাই আপসহীন শ্রেণিসংগ্রাম’—এই আহ্বান নিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রথম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। ফাহিম আহমেদ চৌধুরীকে সভাপতি ও সুজয় বিশ্বাস শুভকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতিও সম্পন্ন হয়েছে।
সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন পাটকল আন্দোলনের শ্রমিকনেতা আলমগীর হোসেন। বক্তব্য দেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। উদ্বোধনী সমাবেশ শেষে একটি সুসজ্জিত মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বেলা ৩টায় শুরু হয় ছাত্রসমাবেশ ও কেন্দ্রীয় কমিটি পরিচিতি। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ছায়েদুল হক নিশান।
আলোচনায় অংশ নেন আইনজীবী ও সাংবাদিক মানজুর আল মতিন, পশ্চিমবঙ্গের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুড়ী, ‘শ্রেণিসংগ্রামের পথে’র সদস্য সত্যজিৎ বিশ্বাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিদায়ী সহসভাপতি এ্যানি চৌধুরী প্রমুখ।
অর্ক ভাদুড়ী বলেন, ‘গোটা পৃথিবী একটা নতুন সময়ে প্রবেশ করে ফেলেছে। ফ্রান্স থেকে বেলজিয়াম পর্যন্ত আজকে তরুণেরা, কমিউনিস্টরা একটা পচাগলা পৃথিবীকে ভেঙেচুরে নতুন পৃথিবী গড়ার শপথ নিচ্ছে। আজকের দিনে ছাত্ররাজনীতিকে শ্রমিক শ্রেণির কাছে যেতে হবে। শ্রমিক শ্রেণির নেতৃত্বেই ছাত্ররা নিজেদের পথ খুঁজে পাবে। আমি বিশ্বাস করি, আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ হবে সমাজতন্ত্র।’
মানজুর আল মতিন বলেন, বামপন্থা মানেই নাস্তিকতা—এমন ধারণা পরিবর্তনের সময় হয়েছে। আজ পৃথিবীতে যে বিভাজন ও ঘৃণার জমিন তৈরি হচ্ছে, তা এই রাজনীতির শক্তিতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মধ্যে ভালোবাসার জমিনে পরিণত হোক।
সমাবেশ শেষে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি ছায়েদুল হক নিশান। গত ১০ থেকে ১২ সেপ্টেম্বর দ্বিতীয় কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে একটি সদস্যপদ কোঅপ্টের জন্য শূন্য রেখে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়।
নতুন কমিটিতে সভাপতি পদে আছেন ফাহিম আহমদ চৌধুরী, সহসভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক সুজয় শুভ, সাংগঠনিক সম্পাদক স্কাইয়া ইসলাম, অর্থ সম্পাদক রাকিব মাহমুদ, দপ্তর সম্পাদক ধ্রুব বড়ুয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক তাহমিদ হোসাইন, স্কুলবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ভূমিকা সরকার। এ ছাড়া সদস্য হিসেবে তিনজনকে রাখা হয়েছে।