হোম > ছবি

রোনালদো-মদরিচের কান্না, আলজেরিয়া অধিনায়কের অবসর, ৭২ বছর পর সুইজারল্যান্ড

ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লুকা মদরিচ—কার আজ বিশ্বকাপ শেষ হবে, টরন্টোতে ম্যাচ শুরুর আগে আলোচনায় ছিল সেটাই। শেষ পর্যন্ত মদরিচের বিদায় হয়ে গেল। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত উত্তেজনায় ঠাসা শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ থেকে বিদায়ের পর মদরিচ কেঁদেছেন। আর রোনালদো কেঁদেছেন প্রয়াত দিয়োগো জোতার কথা স্মরণ করে। এদিকে ভ্যাঙ্কুভারে সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর নকআউট পর্বের বাধা পেরোল সুইজারল্যান্ড। এই ম্যাচের পরই আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ অবসর নিয়েছেন। চলুন তাহলে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আলজেরিয়া-সুইজারল্যান্ড, পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের কিছু ঘটনা।

লুকা মদরিচ, ক্রিস্টিয়ানো রোনালদোর যেকোনো একজনের আজ বিশ্বকাপ শেষ হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে বিদায় ঘটে গেল মদরিচের ক্রোয়েশিয়ার। এক সময়ে রিয়াল মাদ্রিদে যে দুই কিংবদন্তি অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, টরন্টোতে আজ শেষ বত্রিশের ম্যাচে তাঁদের অবস্থান দুই মেরুতে। ছবি: এএফপি
রেফারি শেষ বাঁশি বাজানোর পর ক্রিস্টিয়ানো রোনালদো পরেছেন দিয়োগো জোতার জার্সি। গত বছর না ফেরার দেশে চলে যাওয়া জোতার কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ২-১ গোলে জয়ের পর রোনালদোর চোখ বেয়ে পড়ছিল পানি। ছবি: এএফপি
বাজে পারফরম্যান্সের চক্রে ঘুরপাক খেতে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা কম হয়নি। তবু শিষ্যের ওপর আস্থা রেখেছেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস। ম্যাচ শেষে রোনালদোকে এভাবে জড়িয়ে ধরেছেন মার্তিনেস। ছবি: এএফপি
অফসাইডে গোল বাতিল হলেও দমে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের পর এভাবেই উদযাপন করেন পর্তুগিজ কিংবদন্তি। ছবি: এএফপি
লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়ার বিপক্ষে গত রাতে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। এবারের বিশ্বকাপে চার গোল করে গোল্ডেন বুটের লড়াই জমিয়ে দিয়েছেন তিনিও। গোলের পর এভাবেই ‘উড়ন্ত চুমু’র মতো করে উদযাপন করেন ওইয়ারসাবাল। ছবি: এএফপি
মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলের পর গোল পেয়েছেন। অপর গোল করেছেন তাঁর সতীর্থ পেদ্রো পোরো। ৩-০ গোলে জয়ী স্পেনের মিডফিল্ডার গাভিকে (ডানে) জড়িয়ে ধরেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা। ছবি: এএফপি
সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে শেষ বত্রিশ থেকেই বিদায় নিয়েছে আলজেরিয়া। বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আলজেরিয়া অধিনায়ক রিয়াদ মাহরেজ। আলজেরিয়ার জার্সিতে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ১১৯ ম্যাচে করেছেন ৪০ গোল। ছবি: এএফপি
নকআউট পর্ব সুইজারল্যান্ডের কাছে ছিল অভিশাপের আরেক নাম। অবশেষে আজ ভ্যাঙ্কুভারে সুইসদের ৭২ বছরের অভিশাপ কেটে গেল। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪—তিন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড ২-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে নিশ্চিত করল শেষ ষোলো। ছবি: এএফপি

রুদ্ধশ্বাস ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

দিনের ছবি (৪ জুলাই , ২০২৬)

দিনের ছবি (২ জুলাই , ২০২৬)

ইংল্যান্ড-বেলজিয়ামের রুদ্ধশ্বাস জয়, যুক্তরাষ্ট্রও শেষ ষোলোতে

দিনের ছবি (১ জুলাই , ২০২৬)

শেষ ষোলোতে নরওয়ে, সুইডেনের জালে ফ্রান্সের তিন, মেক্সিকোর ৪০ বছরের অপেক্ষা শেষ

ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়, জার্মানি-নেদারল্যান্ডসের শেষ বত্রিশেই বিদায়

দিনের ছবি (৩০ জুন, ২০২৬)

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে কানাডার হাসি

দিনের ছবি (২৯ জুন, ২০২৬)