একটি ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেই সেটিকে সত্য বলে ধরে নেওয়ার প্রবণতা আমাদের দীর্ঘদিনের। একসময় কোনো ঘটনার ছবি সামনে এলে সেটিকে সেই ঘটনার প্রমাণ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় উন্নতি সেই ধারণা বদলে দিয়েছে। এখন বাস্তবের মতো নিখুঁত ছবি, ভিডিও, এমনকি কণ্ঠস্বরও তৈরি করা সম্ভব। ফলে চোখে দেখা বিষয়টিই যে সত্য, সেই নিশ্চয়তা আর থাকছে না; বরং কোনো কিছু বিশ্বাস বা শেয়ার করার আগে যাচাই করার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
মানুষের সৃজনশীলতা ও কাজের পরিধি বাড়ানোর পাশাপাশি এআই তৈরি করছে নতুন ধরনের ঝুঁকিও। বিশেষ করে এই প্রযুক্তির অপব্যবহার করে কখনো মানুষের আবেগ, কখনো রাজনৈতিক স্বার্থকে কাজে লাগিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। আর যাচাই ছাড়া সেসব কনটেন্ট শেয়ার করার প্রবণতা ভুয়া তথ্য বা গুজবকে আরও উসকে দিচ্ছে। এরই মধ্যে এমন কিছু ঘটনা সামনে এসেছে, যা এআইয়ের অপব্যবহারের ঝুঁকি এবং আমাদের সচেতনতার অভাবকে স্পষ্ট করে তুলেছে।
এআই প্রযুক্তির সাহায্যে এখন একজনের মুখ অন্যের ছবি বা ভিডিওতে বসিয়ে দেওয়া কিংবা বাস্তবে ঘটেনি এমন ঘটনার দৃশ্য তৈরি করা সম্ভব। এর কয়েকটি উদাহরণ বিশ্লেষণ করলেই বোঝা যাবে, কীভাবে এসব কনটেন্ট মানুষকে বিভ্রান্ত করছে।
সম্প্রতি নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কোলাজ ছবি ছড়িয়ে পড়ে। ছবিটিকে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি এলাকার ‘আগের ও পরের’ দৃশ্য বলে দাবি করা হয়। পরে ফ্যাক্ট-চেকারদের অনুসন্ধানে জানা যায়, ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালে বাংলাদেশে বন্যার সময়ও একটি ছবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। সেই ছবিতে বন্যার পানিতে অর্ধেক ডুবে থাকা এক শিশুকে কপালে ভাঁজ নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবিটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে শেয়ার করেন। পরে ফ্যাক্ট-চেকারদের অনুসন্ধানে জানা যায়, ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়; বরং এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছিল।
তবে এআই দিয়ে ভুয়া ছবি তৈরির প্রবণতা শুধু মানবিক আবেগকে কাজে লাগানোর মধ্যেই সীমাবদ্ধ নেয়; রাজনৈতিক বিতর্ক ও জনমত প্রভাবিত করতেও এ ধরনের কনটেন্ট ব্যবহার করা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের করমর্দনের একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি প্রচার করে দাবি করা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। তবে যাচাইয়ে ছবিটির সত্যতা পাওয়া যায়নি। এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে শনাক্ত করা হয়। এ ধরনের ভুয়া কনটেন্টের বিস্তার যেমন উদ্বেগজনক, তেমনি এর কারণে বাস্তব ছবি ও ভিডিও নিয়েও তৈরি হচ্ছে নতুন সংশয়।
সমস্যাটি শুধু এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়; এর বিপরীত প্রবণতাও সমান উদ্বেগজনক। কোনো ছবি বা ভিডিও বাস্তব হলেও অনেকে যাচাই না করেই সেটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। অর্থাৎ, মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপনের পাশাপাশি সত্যকেও মিথ্যা বলে প্রচারের প্রবণতা তৈরি হয়েছে। এতে শুধু বিভ্রান্তিই ছড়ায় না, বাস্তব ঘটনা ও নির্ভরযোগ্য তথ্যের ওপর মানুষের আস্থাও দুর্বল হয়ে পড়ে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য মানুষের আবেগ ও পূর্বধারণাকে কাজে লাগিয়ে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তারের অন্যতম প্রধান কারণ হলো মানুষের প্রবল আবেগ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা। এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এমন সব বাস্তবসম্মত ও সংবেদনশীল কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা খুব সহজেই মানুষের অনুভূতিকে প্রভাবিত করে। এর ফলে চমকপ্রদ, উদ্বেগজনক কিংবা আবেগঘন কোনো ছবি বা ভিডিও সামনে এলে অধিকাংশ ব্যবহারকারীই তথ্যের সত্যতা যাচাই না করে আবেগপ্রবণ হয়ে তা ছড়িয়ে দেন। বিশেষ করে যেসব বিষয় মানুষের ক্ষোভ, সহানুভূতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, সেগুলোকে কেন্দ্র করেই গুজব ও বিভ্রান্তি সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।
পাশাপাশি, কোনো পোস্টে বিপুলসংখ্যক লাইক, মন্তব্য ও শেয়ার দেখেও অনেকে সেটিকে নির্দ্বিধায় সত্য বলে ধরে নেন। এভাবে ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে সমাজে এক ধরনের কৃত্রিম ও বিভ্রান্তিকর জনমত তৈরি হয়। প্রকৃত ঘটনা অনুধাবনের আগেই অনেকে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দোষী সাব্যস্ত করে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এর ফলস্বরূপ ব্যক্তিগত সম্মানহানি, সামাজিক অস্থিরতা এবং অনলাইন হয়রানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটে।
এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ছবি বা ভিডিও প্রকাশের আগে এর উৎস, সময়, স্থান ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা জরুরি। কারণ, গণমাধ্যমের মাধ্যমে ভুল তথ্য প্রচারিত হলে শুধু জনমনে বিভ্রান্তিই তৈরি হয় না, নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়।
উদ্বেগের আরেকটি দিক হলো, এআইয়ের তৈরি ছবির পাশাপাশি প্রচলিত গ্রাফিকস বা এডিটিংয়ের মাধ্যমেও অপতথ্য ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও আইডি থেকে মূলধারার সংবাদমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হচ্ছে। এসব কার্ডে মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা অসম্পূর্ণ তথ্য জুড়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে পেশাদার গণমাধ্যমে প্রকাশিত মূল সংবাদের চেয়েও এসব ভুয়া কার্ড ও পোস্ট বেশি ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীদের একাংশও মূল সংবাদ যাচাই না করেই সেগুলো শেয়ার করেন। ফলে যাচাই করা সংবাদ আড়ালে পড়ে যায়, আর ভিত্তিহীন তথ্য পায় বাড়তি প্রচার। এতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়েও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কীভাবে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝব? প্রাথমিক পর্যায়ে এআইয়ের তৈরি ছবি বা ভিডিওতে হাতের আঙুল, চোখ, দাঁত, আলো-ছায়া কিংবা পটভূমিতে নানা অসংগতি দেখা যেত। ভিডিওতে ঠোঁটের নড়াচড়া ও কণ্ঠস্বরের অমিল থেকেও সন্দেহ তৈরি হতো। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এসব ত্রুটি কমে আসছে। ফলে শুধু চোখে দেখে বা দৃশ্যের অস্বাভাবিকতা খুঁজে কোনো কনটেন্টের সত্যতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে।
এ অবস্থায় কোনো ছবি বা ভিডিও সামনে এলে সেটি এআই দিয়ে তৈরি কি না, তা বোঝার পাশাপাশি এর উৎস, সময় ও প্রেক্ষাপট যাচাই করা জরুরি। ছবিটি আগে অন্য কোথাও প্রকাশিত হয়েছে কি না, তা গুগল লেন্সের মাধ্যমে খুঁজে দেখা যেতে পারে। সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি প্রতিষ্ঠানের কোনো তথ্য রয়েছে কি না, সেটিও মিলিয়ে দেখা প্রয়োজন।
এআই শনাক্ত করার বিভিন্ন অনলাইন টুল থাকলেও সেগুলোর ফলাফলকে চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যাবে না; কারণ, এসব টুলও ভুল করতে পারে। তাই কোনো একটি পদ্ধতি বা টুলের ওপর নির্ভর না করে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য মিলিয়ে দেখাই সবচেয়ে কার্যকর উপায়।
শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও সৃজনশীল কাজসহ নানা ক্ষেত্রে এআই ইতিবাচক ভূমিকা রাখছে। তাই প্রযুক্তিটিকে অস্বীকার করার উপায় নেই। তবে এর সুফল ধরে রাখতে হলে অপব্যবহার সম্পর্কে সচেতন হওয়া জরুরি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ারের আগে নিজেকেই প্রশ্ন করতে হবে, এর সত্যতা সম্পর্কে আমি কতটা নিশ্চিত?
গুজব ও অপতথ্য প্রতিরোধের দায়িত্ব শুধু গণমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠান কিংবা প্রশাসনের নয়; প্রতিটি ব্যবহারকারীরও। কারণ, আমাদের একটি অসতর্ক শেয়ারও ভুল তথ্যের বিস্তার ঘটাতে পারে। তাই কোনো কিছু দেখেই প্রতিক্রিয়া জানানো বা শেয়ার করার তাড়না থেকে বিরত থেকে কয়েক মুহূর্ত থেমে তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। এআইয়ের যুগে চোখের দেখার পাশাপাশি প্রমাণ খোঁজার এই অভ্যাসই পারে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করতে।
লেখক: সহসম্পাদক, আজকের পত্রিকা