হোম > জাতীয়

সংসদের প্রথম অধিবেশন: বিএনপি স্পিকার চূড়ান্ত করবে আগামীকাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা বসতে যাচ্ছে আগামীকাল বুধবার। সেখানে চূড়ান্ত হবে চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার। পরদিন বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম দিনের অধিবেশনে এটি উত্থাপিত এবং পাস হওয়ার কথা রয়েছে।

ক্ষমতাসীন বিএনপির একাধিক সূত্র বলছে, স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ কয়েকজন আলোচনায় আছেন।

গতকাল সোমবার সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারদলীয় সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

জানতে চাইলে নূরুল ইসলাম মনি আজকের পত্রিকাকে বলেন, অধিবেশন শুরুর আগে সব সময় সংসদীয় দলের বৈঠক হয়। এবার সরকারি দলের এবং বিরোধী দলেরও হবে। গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে বৈঠকে আলোচনা হবে। এবার সংসদের ২১৯ জন সদস্য প্রথমবার নির্বাচিত হয়েছেন, তাঁরা কী ভূমিকা পালন করবেন, তা আলোচনা হবে। স্পিকার ও ডেপুটি স্পিকার-সংক্রান্ত আলোচনা হতে পারে, সেটা সংসদ নেতা সিদ্ধান্ত নেবেন।

১২ মার্চ বেলা ১১টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। এ ছাড়া শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। এ ছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় সংসদের প্রথম দিনের অধিবেশন কে পরিচালনা করবেন, তা নিয়ে অনেক আলোচনা আছে। তবে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে (৫ নম্বর ধারা) বলা আছে, সাধারণ নির্বাচনের পর অনুষ্ঠিত সংসদের প্রথম অধিবেশনের আগে সংসদে নির্বাচিত প্রত্যেক ব্যক্তি সংবিধানের তৃতীয় তফসিলে প্রদত্ত সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ফরমে বিদায়ী স্পিকারের এবং তাঁর অনুপস্থিতিতে বিদায়ী ডেপুটি স্পিকারের এবং উভয়ের অনুপস্থিতিতে বিদায়ী স্পিকার কর্তৃক মনোনীত ব্যক্তির সামনে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ শূন্য থাকলে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদ সদস্যদের শপথ পরিচালনা ও সংসদে সভাপতিত্ব করার উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তির সামনে শপথ নেবেন।

একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের পরিচালনায় সভা শুরু হবে। এরপর স্পিকার নির্বাচিত করা হবে। স্পিকার নির্বাচিত হওয়ার পরে সংসদের অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি থাকবে। জাতীয় সংসদ ভবনে অবস্থিত রাষ্ট্রপতির কক্ষে স্পিকারকে শপথ পড়াবেন মো. সাহাবুদ্দিন।

স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও হাফিজ উদ্দিন আহমদ আলোচনায় আছেন। এ ছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনের নামও আলোচনায় আছে বলে জানা গেছে। বিএনপির একটি সূত্র দাবি করেছেন, স্পিকার পদে আবদুল মঈন খান ও হাফিজ উদ্দিন আহমদের নামই বেশি আলোচনা হচ্ছে। এ দুজনের একজনই শেষ পর্যন্ত স্পিকার হতে পারেন।

বর্তমান জাতীয় সংসদের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে আবদুল মঈন খান পাঁচবারের সংসদ সদস্য। সংসদ পরিচালনায় ভারসাম্য আনতে তাঁদের নামই সামনে আসছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের জন্য বিরোধী দল জামায়াতকে প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা না থাকায় জামায়াত সরকারি দলের প্রস্তাবে রাজি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে জানা গেছে।

জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল পাওয়ার কথা। এখন বিএনপি যেটা (জামায়াতকে দেওয়া প্রস্তাব) বলছে, সেটা কোনটা? এটা তাদের স্পষ্ট করা লাগবে। তারা তো লিখিত কোনো প্রস্তাব দেয়নি। মৌখিকভাবে বলেছে, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে চায়।

জামায়াতের মনোভাব নিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘তারা হয়তো ডেপুটি স্পিকার পদটা নেবে। বিষয়টা জুলাই সনদের অংশ এবং আমাদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা চাচ্ছেন সংসদটা কার্যকর হোক।’

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম ব্যাপারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন

জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত

আজকে আমার জন্য একটি ইমোশনাল দিন: ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১১ দিনে ঢাকায় বাতিল ৩৬৭ ফ্লাইট

বাইক রাইড শেয়ারিংয়ে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার: বিপিসি