হোম > জাতীয়

জনতার ক্ষোভ: তিন দিনে ধর্ষণে অভিযুক্ত চারজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জ ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

এবার নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ধর্ষণে অভিযুক্ত দুজনকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে চট্টগ্রামে দুই দিনে এ রকম দুজন গণপিটুনির শিকার হয়েছে। এ নিয়ে তিন দিনে ধর্ষণে অভিযুক্ত চারজনকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই এলাকার হিরো ও সোহেল।

ঘটনার পর মধ্যরাতে অভিযুক্ত হিরোকে আটক করে উত্তেজিত এলাকাবাসী পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হিরোর সহযোগী সোহেলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা রাতেই ফতুল্লা থানায় একটি অভিযোগ দেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে অভিযুক্তরা। এ ঘটনায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। সেখানে শিশুটির অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হিরোকে আটকে পিটুনি দিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গণপিটুনিতে আহত একজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেওয়া হয়েছে।

কলাপাড়ায় ইমামকে গণপিটুনি

এদিকে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে পটুয়াখালীতে বেল্লাল হোসেন (২৮) নামের এক ইমামকে গতকাল সকালে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। অভিযুক্ত বেল্লাল জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলাপাড়া জামে মসজিদের ইমাম।

স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ইমামের এমন কর্মকাণ্ড ধরার জন্য বেশ কিছুদিন ধরে গোপনে নজরদারি করছিলেন। গতকাল সকালে হাতেনাতে ধরা পড়ার পর জনরোষে পড়েন তিনি। উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা থানায় মামলা করেছেন। আসামিকে কলাপাড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে এক ব্যক্তিকে ঘিরে রাখে। পরে পুলিশ উদ্ধারে গেলে জনতা তাদেরকেও ঘিরে রাখে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সর্বশেষ গত শুক্রবার রাতে খুলশী থানার আমবাগান এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তবের এক শিক্ষককে পিটুনি দেয় স্থানীয় লোকজন।

শিশুর প্রতি সহিংসতা: দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান ইউনিসেফের

আগামী বছর ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হবে লাইসেন্স: বিআরটিএ

আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এক মাসের মধ্যে নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

জাহাজে গত বছরের তুলনায় ১০ শতাংশ কম ভাড়া নেবে মালিকপক্ষ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডিএনএ রিপোর্ট ও চার্জশিট পেলে ঈদের পরপরই বিচার শুরু করা সম্ভব: আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী-জাতিসংঘ প্রতিনিধির বৈঠক: রোহিঙ্গা সংকট নিরসন ও শান্তি রক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান

কোরবানির গরু হাটে হঠাৎ জ্ঞান হারালে করণীয় কী

ক্যাটল ট্রেনে ঢাকায় এল ৮০০ গরু