বাংলাদেশে মব ভায়োলেন্স সব সময় ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, অনেকেই বড় বড় গলায় মবোক্রেসির কথা বলেন, কিন্তু বাংলাদেশে মব ভায়োলেন্স সব সময় ছিল।
আজ সোমবার রাজধানীর বাড্ডায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটরিয়ামে ‘ভুল তথ্যের ওপর নীতিগত সম্মেলন: শাসন ও গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনায় শফিকুল আলম এ মন্তব্য করেন। নীতি সংলাপটি আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।
ঘনবসতির কারণে যেকোনো সরকারের পক্ষে বাংলাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ উল্লেখ করে প্রেস সচিব বলেন, খুবই ছোট জায়গায় ১৮ কোটি লোক থাকে, এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, ঠিক করাটা যেকোনো গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
দেশে যতগুলো ইলেকশন হয়েছে, তাতে ভায়োলেন্স হয়েছে মন্তব্য করে শফিকুল আলম বলেন, বাংলাদেশে এই বছরে যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনের ভায়োলেন্স লেভেল খুবই কম।
২০১৪ সালের ইলেকশনের কথা স্মরণ করে প্রেস সচিব বলেন, ‘আমি তো এটা কাভার করেছি। তখন ১১৫ জন মারা গেছে। যেদিন হাসিনা লগি-বইঠার জন্য ডাকছিল, ডেকে ১২ জন লোককে হাসিনার লোকেরা পিটিয়ে মেরেছিল, পরের দিন কি কেউ বলছে যে, এটা একটা মব? একটা লোকও লেখে নাই।’
নীতি সংলাপে অংশ নিয়ে বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম এবং বিএসআরএফের সাবেক সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব।