তথ্যসমাজবিষয়ক জাতিসংঘ গ্রুপের (ইউএনজিআইএস) বহু অংশীজনভিত্তিক পরামর্শক গোষ্ঠীর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। পরামর্শক গোষ্ঠীটি ইউএনজিআইএস-এমসিজি নামে পরিচিত।
এই দায়িত্বে বজলুর রহমান অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন, কমিউনিটি গণমাধ্যম ও তথ্যপ্রাপ্তি নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরবেন। ডিজিটাল সহযোগিতা এবং তথ্যসমাজবিষয়ক বিশ্ব সম্মেলনে (ডব্লিউএসআইএস) গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি যুক্ত করবেন তিনি।
ইউএনজিআইএস-এমসিজি সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, প্রযুক্তি সম্প্রদায়, শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণকারীদের সঙ্গে ইউএনজিআইএসের মতবিনিময়ের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে সদস্যরা ইউএনজিআইএসের অগ্রাধিকার সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে এবং নিজেদের মতামত ও পরামর্শ দিতে পারেন। গোষ্ঠীটির ভূমিকা পরামর্শমূলক; এটি সংলাপ ও সহযোগিতায় সহায়তা করে।
বর্তমানে ইউএনজিআইএসে ৩১টি সদস্যসংস্থা ও ২১টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
ডব্লিউএসআইএসে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের কাঠামো হিসেবে কাজ করে ইউএনজিআইএস। টেকসই উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত বিষয়ে জাতিসংঘব্যবস্থার মধ্যে নীতিগত সামঞ্জস্য ও সহযোগিতা বাড়াতে কাজ করে এটি।
২০০৫ সালের তথ্যসমাজবিষয়ক তিউনিস এজেন্ডার আহ্বানের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের এপ্রিলে জাতিসংঘব্যবস্থার প্রধান নির্বাহীদের সমন্বয় বোর্ড (সিইবি) ইউএনজিআইএস প্রতিষ্ঠা করে। অংশগ্রহণকারী সংস্থাগুলোর নিজস্ব কর্মপরিধি অনুযায়ী সমন্বয় জোরদার, কাজের পুনরাবৃত্তি কমানো এবং যৌথ উদ্যোগের কার্যকারিতা বাড়ানো এর কাজের অন্তর্ভুক্ত।
বিএনএনআরসি ২০১৬ সালে জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করে। এ ছাড়া ২০১৭,২০১৯, ২০২০,২০২১, ২০২৩ ও ২০২৫ সালে ডব্লিউএসআইএস চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পায় সংস্থাটি।