চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করে।
এর আগে শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান।