বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা সোয়া ১১টার দিকে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
বেলা ১১টার পর বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটেই বের হন প্রধানমন্ত্রী। এ সময় নেতা-কর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়। হাজারো নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান। কেউ ফুল ছিটিয়ে তাঁকে বরণ করেন, আর চারপাশে স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং অনেকেই তাঁর সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। প্রায় পাঁচ মিনিটের এই পথ হেঁটে অতিক্রম করে বগুড়া জেলা জজ আদালত চত্বরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ জজ আদালতে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১২টার দিকে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।