পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পৌরসভার ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করেছেন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায়। দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
মামলার অপর দুই আসামি হলেন, কুষ্টিয়া পৌরসভার সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামাল উদ্দিন ও সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কোনো ধরনের রেকর্ডপত্র বা পৌরসভার রেজল্যুশন ছাড়াই আনোয়ার আলী অগ্রণী ব্যাংক পিএলসির থানাপাড়া শাখায় ‘দরিদ্র তহবিল’ নামে একটি চলতি হিসাব খোলেন। ওই হিসাব একক স্বাক্ষরে পরিচালনার অনুমোদন দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে পৌরসভার কোনো নিয়মনীতি বা আইন অনুসরণ না করে বিল্ডিং প্ল্যান অনুমোদন ও লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এসব অর্থ রশিদের মাধ্যমে আদায় করে ব্যাংক হিসাবে জমা দেখিয়ে পরস্পর যোগসাজশে বিভিন্ন খরচ দেখিয়ে উত্তোলন করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করেন।
দুদক জানিয়েছে, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।