হোম > জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে সংসদে প্রথম প্রশ্নোত্তরে যা বললেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন। ছবি: পিএমও

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিলেন তারেক রহমান। আজ বুধবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল।

আজকের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। প্রধানমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন ছিল, ‘সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহের কী কী অগ্রগতি সাধিত হয়েছে?’

প্রশ্নোত্তর পর্বের শুরুতে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ভোটারদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘যাঁরা আমাকে ভোট দিয়ে ঢাকা-১৭ আসনে নির্বাচিত করেছেন, তাঁদের ধন্যবাদ। একই সঙ্গে যাঁরা ভোট দেননি, জনপ্রতিনিধি হিসেবে তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান আরও বলেন, ‘আমরা দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিশ্রুতি পালনের চেষ্টা করব।’

বিএনপি দলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মধ্য দিয়ে দেশের অর্থনীতি আরও সচল হবে। তিনি আরও জানান, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার তিনটি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে ভাতা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্ড পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে এই সহায়তা যেমন সরাসরি পরিবারের সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে, অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারের নারী প্রধানের নামে হওয়ায় পরিবারের সম্পদের ওপর তাঁর নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে পরিবারে সিদ্ধান্ত প্রদান ও মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবার ও সমাজের ওপর নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার পদক্ষেপ নেবে। এই অর্থ জনগণের আমানত। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নেবে।

ট্রেনে চালু হলো নারীদের জন্য আলাদা কোচ

কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়, বিলম্বে ছাড়ল ৩টি ট্রেন

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার ৪০ হাজার যান

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিলয় জোয়ার্দারকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

অফশোর বিডিংয়ে বিদেশি বিনিয়োগ আসবে, ‘চমক’ বিএনপি সরকার: জ্বালানিমন্ত্রী

পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপির ৪৬তম সমাবেশের দরবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে স্পষ্টীকরণ

পল্লবীতে শিশু হত্যা: আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার