হোম > জাতীয়

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের বিষয়ে কমিটি জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

এ সময় সংসদীয় কমিটি এ-সংক্রান্ত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণসহ বিস্তারিত অবহিত করতে সুপারিশ করে।

বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও সৌদি আরবের বর্তমান সম্পর্ক, মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা দেয়।

বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতির আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। সে সঙ্গে সম্প্রতি কমিটির সদস্যদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনুষঙ্গিক সহযোগিতার জন্যও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে যোগ দেন।

কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী

জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যেন তাঁদের আচরণের কারণে নষ্ট না হয়: অ্যাটর্নি জেনারেল

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ

বেসরকারি সদস্যদের বিলের ত্রুটি জানাতে হবে এক সপ্তাহের মধ্যে

স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সাক্ষাৎ

সরকারি চাকরির পরীক্ষায় ‘প্রক্সি’: ৯ মাসেই তিন শতাধিক সাজা

কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডে কমবে অর্থনৈতিক দুশ্চিন্তা: চিফ হুইপ

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী