হোম > জাতীয়

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি: সন্ত্রাসী গ্রুপ চিহ্নিত হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় সন্ত্রাসীদের একটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সচিবালয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘প্রায় দুই মাস আগে ওই গ্রুপ একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। তখন পুলিশ কমিশনারের নজরদারিতে নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে কয়েক সপ্তাহ পর একই গ্রুপ আবার হামলার চেষ্টা করেছে। ওদের চিহ্নিত করা গেছে। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে নগরীর চন্দনপুরায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে ভারী অস্ত্রসহ গুলি ছোড়া হয়। ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তাঁর পরিবারসহ বসবাস করেন। এর আগে গত ২ জানুয়ারিও বাড়িটিতে হামলা করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ‘আমি আমাদের পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর।’

এদিকে একই সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, গত ১৩ দিনে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। নরসিংদীতে একটি নৃশংস হত্যাকাণ্ডে মূল আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ঘটনা দ্রুত সমাধান করা হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনার আগে আমরা জানব না, তবে ঘটনার পরে আমরা কী করেছি জনগণ তা দেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক ও কঠোর তা জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে। আমরা যেকোনো ঘটনায় দ্রুত তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করব, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।’

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তিন দিনে ঢাকায় ৭৪ ফ্লাইট বাতিল

হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুই শহীদের স্ত্রী

দুই আসনের ফলাফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন সরকার

দপ্তর হারালেন স্থানীয় সরকার সচিব রেজাউল

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থগিত ফ্লাইটগুলোর রিশিডিউল হয়েছে, যাত্রীরা পর্যাপ্ত সময় পাবেন: প্রতিমন্ত্রী

৫ জেলার ডিসি প্রত্যাহার