হোম > জাতীয়

নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ সোমবার বিকেলে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনন্ত প্রেরণার উৎস। নজরুলচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করা সম্ভব। সুস্থ সংস্কৃতির বিকাশ একটি আলোকিত, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

নিতাই রায় চৌধুরী বলেন, জাতীয় কবির ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন। এর মাধ্যমে সারা দেশে নজরুলচর্চাকে নতুন গতি ও মাত্রা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ বাড়াবে।

নজরুলকে অসাধারণ প্রতিভার অধিকারী উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, তাঁর সৃষ্টিকর্মে প্রেম ও দ্রোহ একই সঙ্গে শক্তিশালীভাবে প্রতিফলিত হয়েছে। ইসলামী সংগীতের পাশাপাশি শ্যামাসংগীত রচনার মাধ্যমে নজরুল ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সংস্কৃতি বহুমাত্রিক ও বৈচিত্র্যপূর্ণ। নৌকাবাইচ, যাত্রাশিল্প, বাউলগান এবং হাছন রাজা, লালন ও বিজয় সরকারের গানসহ লোকজ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা ও প্রসারে গুরুত্ব দিতে হবে। পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় সংস্কৃতির সম্মিলনে গড়ে উঠেছে নদীমাতৃক বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম বলেন, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়; এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও বহুমাত্রিক সৃষ্টিশীল ভাবনা ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি তাদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরজাহান আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন। পরে অতিথিরা প্রতিযোগিতায় ঢাকা বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান ও সানায়ে তাকাইচি

জাপানে সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

আইজিপিকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, দাবি ডিআরইউর

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার ও আইজিপির জবাবদিহি দাবি টিআইবির

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

অনুমতি ছাড়া খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারে ক্র্যাবের আলটিমেটাম